Cyber Crime

সাইবার প্রতারণার শিকার বিজেপি নেতা, প্রায় এক লক্ষ টাকা খোয়ালেন রানাঘাটের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ, তদন্তে পুলিশ

বিদ্যুৎ বিল বকেয়া থাকার কথা বলে ফোন করে প্রতারণার শিকার নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি নেতা শ্যামাপ্রসাদ বিশ্বাস। লিঙ্কে ক্লিক করার পর তাঁর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ৯৯ হাজার ৪০০ টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

সাইবার প্রতারণার শিকার বিজেপি নেতা শ‍্যামাপ্রসাদ বিশ্বাস
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৭

এ বার বিদ‍্যুতের বকেয়া মেটাতে গিয়ে টাকা খোয়ালেন বিজেপি নেতা। বিজেপি নেতার নাম শ‍্যামাপ্রসাদ বিশ্বাস। তাঁর অভিযোগ, বিদ‍্যুতের বিল বকেয়া আছে দাবি করে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকেরা। তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

শ‍্যামাপ্রসাদ বিশ্বাস নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তাঁর অভিযোগ, গত মঙ্গলবার তাঁকে কেউ ফোন করে। ওই ব্যক্তি নিজেকে বিদ‍্যুৎ দফতরের কর্মী হিসেবে পরিচয় দেয়। তাঁর বিদ‍্যুতের বিল বকেয়া রয়েছে বলে সে দাবি করে। তবে শ‍্যামাপ্রসাদ জানান, তিনি ইউপিআই অ‍্যাপের মাধ্যমে টাকা নিয়মিত জমা দেন। কিন্তু তার পরেও মেসেজ পাঠানো হয়। তাতে একটি লিঙ্ক ছিল। সেই লিঙ্কে ক্লিক করতে বলা হয়। তিনি তা করে ইউপিআই অ‍্যাপে ঢোকেন। তার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ধাপে ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার ৪০০ টাকা কেটে নেওয়া হয়। 

শুধু তাই নয়, পরবর্তীতে প্রতারকেরা তাঁর ক্রেডিট কার্ড থেকেও প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা হাতানোর চেষ্টা করে। তবে বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত কার্ডটি লক করে দেন বলে দাবি করেছেন বিজেপি নেতা।

ঘটনার পরপরই তিনি বিদ্যুৎ দফতর, ব্যাঙ্ক এবং তাহেরপুর থানার সাইবার অপরাধ বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশির কল্যাণী সাইবার অপরাধ দমন শাখাতেও বিষয়টি লিখিত ভাবে জানান। তবে খোয়ানো যাওয়া টাকার পুনরুদ্ধার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিজেপি নেতার আরও অভিযোগ, বর্তমানেও তাঁর মোবাইল ফোনটি হ্যাক হয়ে রয়েছে। হ্যাকাররা একটি অ্যাপের মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে।

এ বিষয়ে বিজেপি নেতা শ্যামাপ্রসাদ বিশ্বাস বলেন, “আমরা রাজনীতি করি। সাধারণ মানুষকে সবসময় সচেতন করি। কিন্তু প্রতারকদের আধুনিক ও চতুর কৌশল এমন জায়গায় পৌঁছেছে যে আমরাও ঠকে গেলাম। সাধারণ মানুষ বিশেষ করে বয়স্করা যেভাবে গ্যাসের ভর্তুকি, বীমা বা বিভিন্ন ভাতার প্রলোভনে পড়ে প্রতারিত হচ্ছেন, তাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।”

প্রশাসনের ওপর আস্থা রেখে তিনি অবিলম্বে এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন। পাশাপাশি অর্থ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন শ‍্যামাপ্রসাদ। একই সাথে সকলকে এই ধরনের সন্দেহজনক ফোন এবং মেসেজ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


Share