By-Election

পুলিশের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ, শক্তিপুরে আম জনতা উন্নয়ন পার্টির আরও এক নেতা গ্রেফতার

শনিবার রাতে রেজিনগর বিধানসভার শক্তিপুর এলাকার মিঞাগ্রাম থেকে নাসিম শেখ নামে ওই নেতাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২২

পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মুর্শিদাবাদের শক্তিপুর থানার পুলিশ ফের আম জনতা উন্নয়ন পার্টির এক ব্লক নেতাকে গ্রেফতার করল। শনিবার রাতে রেজিনগর বিধানসভার শক্তিপুর এলাকার মিঞাগ্রাম থেকে নাসিম শেখ নামে ওই নেতাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চার জনকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ মে শক্তিপুরের নারকেলবাড়ি গরদোয়ারা ময়দানে আম জনতা উন্নয়ন পার্টির কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। দলের চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপস্থিতিতে আয়োজিত ওই সভায় পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার হুমায়ুন-সহ দলের একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ শক্তিপুর থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তে নেমে শনিবার রাতে মিঞাগ্রাম থেকে নাসিম শেখকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে বহরমপুর জেলা আদালতে পেশ করে শক্তিপুর থানার পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি বাকি অভিযুক্তদের সন্ধানেও তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

যদিও নাসিমের গ্রেফতারি নিয়ে আপত্তি জানিয়েছেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবির। তাঁর দাবি, নাসিম তাঁর দূর সম্পর্কের আত্মীয়। হুমায়ুন বলেন, “উনি আমার দূর সম্পর্কের আত্মীয়, প্রাক্তন সেনা কর্মী। পেশায় ব্যবসায়ী। ওনাকে ফাঁসানো হচ্ছে।” এর মধ্যেই আম জনতা উন্নয়ন পার্টির আরও এক নেতাকে গ্রেফতারির ঘটনা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। দলের রাজ্য সম্পাদক আশিক ইকবালকে গত শুক্রবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ার গাড়িনামা এলাকা থেকে জাল নোট ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করে হরিহরপাড়া থানার পুলিশ। তাঁর সঙ্গে আরও এক জনকে গ্রেফতার করা হয়।

এর পর শনিবার বিকেলে বহরমপুর থানার পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে যায়। একটি অডিয়ো-বিতর্কের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে হুমায়ুনের কথোপকথনের একটি অডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ফোনালাপে উস্কানিমূলক কথাবার্তার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ভিত্তিতেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে ছড়িয়ে পড়া অডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।


Share