Mob Lynching

নদিয়ায় তৃণমূল নেত্রীর বাড়ির সামনে চলল গুলি, পাল্টা গণপিটুনিতে গুরুতর জখম দুই যুবক, আটক করল পুলিশ

সোমাশ্রী বিশ্বাসের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে দুই যুবককে ধরে গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

হাঁসখালি থানা
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২২

গভীর রাতে নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়িতে দুষ্কৃতী হামলা। কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অভিযুক্তদের হাতেনাতে এলাকাবাসী ধরে গণপিটুনি দিয়েছে বলেও দাবি করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই যুবককে উদ্ধার করে নিয়ে নিয়ে গিয়েছে।

নদিয়ার হাঁসখালিতে ঘটনাটি ঘটেছে। বুধবার গভীর রাতে স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের প্রধান পঞ্চায়েত প্রধান সোমাশ্রী বিশ্বাসের বাড়ির সামনে একদল দুষ্কৃতী বাড়ির সামনে আসে। তৃণমূল নেত্রীর বক্তব্য, বাড়ির সামনে কয়েক জন ব্যক্তি এসে তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে শুরু করে। পরে তাঁর স্বামী কোথায় আছে বলে জিজ্ঞেস করে। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই তাঁরা গুলি চালাতে শুরু করেন। সেখানে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলির শব্দ শুনে আশপাশের বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন। তাঁদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দু’জনকে তাঁরা হাতেনাতে ধরে ফেলেন। এর পরেই দুই যুবককে গণপিটুনির অভিযোগ ওঠে। খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। রক্তাক্ত অবস্থায় তাঁদের ঘিরে রেখে বিক্ষোভ চলে। দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দু’জন অভিযুক্তের নাম স্পষ্ট করেনি পুলিশ। পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে এই ঘটনা নাকি এর নেপথ্যে অন‍্য কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে কেন গুলি চালানো হল কেনই বা গণপিটুনি দেওয়া হল তা-ও খতিয়ে দেখছে হাঁসখালি থানার পুলিশ।


Share