ATM

পাথর দিয়ে এটিএম ভাঙার চেষ্টা, পাণ্ডুয়ায় স্থানীয় যুবকের তৎপরতায় হাতেনাতে আটক অভিযুক্ত

রবিবার দুপুরে পাণ্ডুয়ার জিটি রোডের কামারপাড়া কালীমন্দির সংলগ্ন এলাকায় এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা। পাথর দিয়ে মেশিন ভাঙার সময় ভাঙচুরের শব্দ শুনে এক স্থানীয় যুবক বাইরে থেকে শাটার বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ এসে এটিএমের ভিতর থেকে ২২ বছরের মহম্মদ সোহেলকে আটক করে।

এটিএম ভাঙার চেষ্টা
নিজস্ব সংবাদদাতা, পান্ডুয়া
  • শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৮

রবিবার দুপুরে পাণ্ডুয়ার ব্যস্ত জিটি রোডে এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা। এটিএম কাউন্টারে ঢুকে পাথর দিয়ে মেশিন ভাঙার সময় এক যুবককে হাতেনাতে ধরে ফেলল পুলিশ। তার আগে অবশ্য স্থানীয় এক যুবকের তৎপরতায় এটিএম কাউন্টারের শাটার বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পাণ্ডুয়ার জিটি রোডের কামারপাড়া কালীমন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। রবিবার দুপুরে ওই এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও খোলা ছিল সংলগ্ন এটিএম কাউন্টার। সেখানে কোনও নিরাপত্তারক্ষীও ছিলেন না। সেই সুযোগেই এক যুবক পাথর হাতে এটিএম কাউন্টারের ভিতরে ঢুকে মেশিন ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ।

সেই সময় কাছেই একটি দোকানে কাজ করছিলেন বিষ্ণুপদ মুর্মু নামে এক যুবক। হঠাৎ এটিএম কাউন্টারের ভিতর থেকে ভাঙচুরের শব্দ তিনি শুনতে পান। সন্দেহ হওয়ায় এগিয়ে গিয়ে কাঁচের দরজার বাইরে থেকে দেখতে পান, এক যুবক পাথর দিয়ে এটিএম মেশিনের উপরের অংশ ভাঙছে। পরিস্থিতি বুঝে দেরি না করে তিনি বাইরে থেকে এটিএম কাউন্টারের শাটার টেনে নামিয়ে তালা দিয়ে দেন। এরপরই পাণ্ডুয়া থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডুয়া থানার পুলিশ। এটিএম কাউন্টারের তালা খুলে ভিতর থেকে ওই যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ সোহেল। বয়স ২২ বছর। তাঁর বাড়ি পাণ্ডুয়ার মাগুরা এলাকায়।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনার সময় ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ইতিমধ্যেই এটিএম মেশিনের উপরের অংশ ভেঙে ফেলেছিল সে। তবে মেশিন থেকে কোনও টাকা বা অন্য কিছু নিতে পেরেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কী উদ্দেশ্যে ওই যুবক এটিএমে ঢুকে ভাঙচুর চালাল, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।

ঘটনার পর এটিএম কাউন্টার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডুয়া থানার পুলিশ।


Share