BJP Vs TMC

যাদবপুরের প্রাক্তন বিধায়কের বাড়িতে ভাঙচুর, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে, ঘটনাস্থলে মোতায়েন পুলিশ

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমাজমাধ‍্যমের পেজে দাবি করা হয়েছে, “এই হামলায় আমাদের বেশ কয়েক জন কর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”

যাদবপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০১:২২

উত্তপ্ত যাদবপুর। অভিযোগ, প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার ওরফে মলয়ের বাড়িতে কয়েক জন চড়াও হয়। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এমনকী, প্রাক্তন বিধায়ককে মারধর করা হয়েছে বলেও দাবি করেছে তৃণমূল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

শনিবার রাতে ৯৬ নম্বর ওয়ার্ডের বিজয়গড়ে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, শনিবার রাতে বিজেপির কর্মীরা মলয় মজুমদারের বাড়িতে চড়াও হয়। বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে। তা করতে না পেরে নীচের ভাঙচুর চালায়। মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর অভিযোগ, দেবব্রতকে মারধর করা হয়েছে। স্থানীয় লোকজন বিজেপি কর্মীদের বাধা দিতে এলে তাঁদেরও নাকি মারধর করা হয়েছে। ঘটনাস্থলে এখনও চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।

তাঁদের আরও অভিযোগ, যাদবপুর বিধানসভার একাধিক ওয়ার্ডের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর বসুন্ধরা গোস্বামীর দলীয় অফিসেও বিজেপির চলে ভাঙচুর চালিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী দাবি করেছে। তাঁদের এ-ও অভিযোগ, এক ঘণ্টা ধরে পুলিশকে ফোন করা সত্ত্বেও তারা ঘটনাস্থলে আসেননি। যদিও এই বিষয়ে লালবাজার কোনও প্রতিক্রিয়া দেয়নি।

দেবব্রতের ছেলের অভিযোগ, স্থানীয় বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। যদিও বিজেপি বিধায়কের এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমাজমাধ‍্যমের পেজে দাবি করা হয়েছে, “এই হামলায় আমাদের বেশ কয়েক জন কর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর আরও দাবি, রাজ‍্যের শাসনব্যবস্থা ও নিরাপত্তার অবনতিতে তাঁরা নাকি শঙ্কিত। গণতন্ত্রের ওপর এই ধরনের ভয়ের রাজনীতি আমরা কিছুতেই মেনে নেবে না।


Share