Body Recovery

ফের পুরুলিয়ায় কিশোরীর রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার গলায় ওড়না জড়ানো দেহ, তদন্তে পুলিশ

শনিবার সকালে পুরুলিয়া মফস্‌সল থানা এলাকার একটি ফাঁকা বাড়ি থেকে ১৬ বছরের কিশোরীর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক নাবালকের সঙ্গে সম্পর্কের জেরেই তাকে খুন করা হয়ে থাকতে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৩

আবারও পুরুলিয়া। প্রেমিকার দেহ বস্তাবন্দি করে বাইকে নিয়ে যাওয়ার ঘটনার রেশ এখনও কাটেনি। কয়েক দিনের মধ্যেই ফের এক কিশোরীর রহস্যমৃত্যু। শনিবার সকালে পুরুলিয়া মফস্‌সল থানা এলাকার একটি ফাঁকা বাড়ি থেকে ১৬ বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হয়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেহটি পড়ে ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক নাবালক কিশোরের সঙ্গে ওই মেয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ। পরিবারের আরও দাবি, ওই কিশোরের বাড়িতেই মেয়েটি টিউশন পড়তে যেত। পরে সেখানে পড়তে যেতে সে আপত্তি জানিয়েছিল।

কিশোরীর জেঠুর দাবি, ‘‘রাত থেকে মেয়েটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পাইনি। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় এক কিশোরের সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল বলে জানতে পারি। ওদের বাড়িতেই টিউশন পড়তে যেত। পরে সেখানে যেতে আপত্তি জানিয়েছিল। আমাদের অনুমান, মেয়েকে খুন করা হয়েছে। সরকারের কাছে আবেদন, সঠিক বিচার যেন পাই।’’

পরিবারের দাবি, শনিবার ভোর প্রায় ৩টে থেকে নিখোঁজ ছিল কিশোরী। পরে পরিবারেরই একটি ফাঁকা বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুরুলিয়া মফস্‌সল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি পরিবারের তরফে খুনের যে অভিযোগ তোলা হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনার মধ্যেই কয়েক দিন আগে পুরুলিয়াতেই প্রেমিকাকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, প্রেমিকার দেহ বস্তায় ভরে বাইকে চাপিয়ে নিয়ে তিনি ঘুরছিলেন। পুলিশ সূত্রে খবর, প্রায় তিন থেকে চার ঘণ্টা ধরে দেহটি বাইকে নিয়ে ওই যুবক বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। পরে শনিবার গভীর রাতে বলরামপুর থানার পুলিশের হাতে তিনি ধরা পড়েন।

এক ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক কিশোরীর রহস্যমৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ায়।


Share