Theft And Fire

জালালখালি বাজারে চুরি করে দোকানে আগুন, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী! ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকা

ইলেকট্রনিক্সের দোকান থেকে নগদ টাকা ও ৫০টিরও বেশি মোবাইল লুঠের অভিযোগ, পরে আগুনে পুড়ে যায় দোকান। পাশের স্টুডিও থেকেও দামি ক্যামেরা লুঠের অভিযোগ।

জালালখালি বাজারে পাশাপাশি দুই দোকানে চুরি ও অগ্নিসংযোগ
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৮

জালালখালি বাজারে পাশাপাশি দুই দোকানে চুরি ও অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি ইলেকট্রনিক্সের দোকান এবং পাশের স্টুডিওতে দুষ্কৃতীরা হানা দেয়। অভিযোগ, লুঠপাটের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ইলেকট্রনিক্সের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় দুই ব্যবসায়ীরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স দোকানের মালিক স্বরূপ রায় জানান, গত রাতে তাঁর মোবাইল, ফ্রিজ ও টিভির দোকানে দুষ্কৃতীরা হানা দেয়। দোকান থেকে দেড় লক্ষ টাকার বেশি নগদ টাকা এবং ৫০টিরও বেশি মোবাইল ফোন লুঠ করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক-সহ বেশ কিছু সরঞ্জামও তারা খুলে নিয়ে যায়।

অভিযোগ, দোকান থেকে বেশ কিছু ভারী জিনিসপত্রগুলি নিয়ে যেতে পারেনি। সেগুলিতেই আগুন ধরিয়ে দেওয়া হয়। ফ্রিজ, টিভি-সহ দোকানের একাধিক সামগ্রী আগুনে পুড়ে যায়। কার্যত গোটা দোকান ভস্মীভূত হয়ে যায়।

স্বরূপ রায় বলেন, “গত ১২ বছর ধরে এখানে দোকান চালাচ্ছি। কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। কে বা কারা এই ঘটনা ঘটাল, কিছুই বুঝতে পারছি না।”

ঘটনার আঁচ পড়ে পাশের স্টুডিওতেও। স্টুডিওর মালিক বিনয় বিশ্বাস জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে পাশের দোকান থেকে ধোঁয়া বের হওয়ার খবর তিনি পান। ঘটনাস্থলে এসে দেখেন, তাঁর দোকানেও চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, উপর থেকে ইট খুলে দুষ্কৃতীরা দোকানে ঢোকে।

স্টুডিওতে থাকা সাতটি ক্যামেরার মধ্যে বেশ কয়েকটি দামি ক্যামেরা লুঠ করে তাঁরা নিয়ে যায়। বাকি কয়েকটি ক্যামেরা দোকানের ভিতরেই ভাঙচুর করা হয়। একটি ক্যামেরা ভাঙা অবস্থায় দোকানের বাইরে রাস্তায় ফেলে যায়। সব মিলিয়ে তাঁর প্রায় ১০ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি বিনয় বিশ্বাসের।

খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশে তদন্ত শুরু করে। কারা এই চুরি ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত, তা এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী।


Share