Paper Leak

জামাকাপড় তল্লাশি হলেও জুতো নয়! সেই ফাঁকেই ছাপাখানা থেকে বেরিয়ে গেল মহারাষ্ট্র টেটের চার সেট প্রশ্নপত্র, গ্রেফতার ১৬

তাঁদের মধ্যে অন্যতম মূল চক্রী বিজেন্দ্র গুপ্ত-সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অশোক সাউ ও প্রকাশ মিসাল নামে দুই অভিযুক্ত এখনও পলাতক। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করা হবে বলে জানিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র
  • শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২১

জুতোর সোলে ভাঁজ করে লুকিয়ে ছাপাখানা থেকে বের করে আনা হয়েছিল মহারাষ্ট্র টেট-এর প্রশ্নপত্র! বিনিময়ে ছিল মাত্র আট হাজার টাকা এবং জমির প্রলোভন। মহারাষ্ট্র টেট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঠাণে সিটি পুলিশের প্রায় তিন হাজার ৫০০ পাতার চার্জশিটে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভিওয়ান্ডির স্থানীয় আদালতে পেশ করা চার্জশিটে মোট ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম মূল চক্রী বিজেন্দ্র গুপ্ত-সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অশোক সাউ ও প্রকাশ মিসাল নামে দুই অভিযুক্ত এখনও পলাতক। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করা হবে বলে জানিয়েছে।

গত ২৮ জুন টেট পরীক্ষার আগের দিন গোপন সূত্রে খবর পেয়ে ভিওয়ান্ডির কোংগাঁও এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিন সন্দেহভাজনকে আটক করে। তাঁদের কাছ থেকে চার সেট প্রশ্নপত্র উদ্ধার হয়। পরে ‘মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এগ্‌জ়ামিনেশনস্’ (এমএসসিই)-এর আধিকারিকেরা পরীক্ষা করে জানান, উদ্ধার হওয়া প্রশ্নপত্রগুলি আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ঘটনার তদন্তে গঠিত এসআইটি জানতে পারে, আগ্রার যে সংস্থাকে পরীক্ষার গোপনীয় নথি ছাপার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানকার দুই বর্তমান ও এক প্রাক্তন কর্মী প্রশ্নপত্র পাচারের সঙ্গে যুক্ত। নিরাপত্তারক্ষীরা কর্মীদের জামাকাপড় তল্লাশি করলেও জুতো পরীক্ষা করেননি। সেই সুযোগেই জুতোর সোলে কাগজ ভাঁজ করে লুকিয়ে বাইরে বের করে আনা হয় চারটি সেটের প্রশ্নপত্র।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ষড়যন্ত্রের ধারায় মামলা হয়েছে। পাশাপাশি রাজ্যের পরীক্ষা দুর্নীতি দমন আইনের ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মূল চক্রী বিজেন্দ্র গুপ্তের বিরুদ্ধে এর আগে ওড়িশার একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাতেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্তকারীরা অভিযুক্তদের আর্থিক লেনদেন ও ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন। পাশাপাশি বিহারে বিজেন্দ্রর এক আত্মীয়ের বাড়ি থেকে মূল প্রশ্নপত্রের প্রতিলিপিও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


Share