Drug Seized

বাংলাদেশে পাচারের আগেই ২০০-র বেশি ফেনসিডিল উদ্ধার, ধৃত এক, মাদক আইনে মামলা রুজু পুলিশের

পুলিশের দাবি, বাংলাদেশ সীমান্তে পাচারের উদ্দেশ্যেই ওই ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে রবিবার কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়েছে।

ফেনসিডিলের বোতল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩০

রাতের অন্ধকারে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০-রও বেশি ফেনসিডিলের বোতল উদ্ধার করল ধানতলা থানার পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম দেবজিৎ বিশ্বাস। তাঁর বাড়ি কৃষ্ণগঞ্জ থানার বানপুর-ফুলবাড়ি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পাঁচবেড়িয়া রেল স্টেশনের আশপাশে ফেনসিডিল পাচারের খবর আসে। খবর পেয়েই আড়ংঘাটা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এলাকায় নজরদারি শুরু করে ধানতলা থানার পুলিশ। এরপর আনুমানিক রাত সাড়ে ১১টা নাগাদ কয়েকটি ব্যাগ নিয়ে একটি টোটো পাঁচবেড়িয়া স্টেশনের কাছে পৌঁছোয়। সন্দেহ হওয়ায় পুলিশ টোটোটি আটক করে। টোটোতে থাকা ব্যক্তির ব্যাগে তল্লাশি চালানো হয়।

ব্যাগ খুলতেই পুলিশের হাতে আসে ২০০-রও বেশি ফেনসিডিলের বোতল। পুলিশের দাবি, বাংলাদেশে পাচারের জন‍্য সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তার আগেই বিপুল পরিমাণ ওই নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় ধানতলা থানার পুলিশ দেবজিৎ বিশ্বাসকে গ্রেফতার করে। রবিবার তাঁকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়।

এই বিপুল পরিমাণ ফেনসিডিল কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনও বড় পাচারচক্র রয়েছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share