Municipal Election

পুরভোটের আগে বড়ল জটিলতা, কলকাতা-হাওড়ায় ২.২৯ লক্ষ আবেদন বিচারাধীন, নিষ্পত্তি মাত্র পাঁচ ৪৮৫

দুর্গাপুজোর পরেই কলকাতা ও হাওড়ায় পুরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তি না হলে দুই পুর এলাকার কত শতাংশ ভোটার চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পাবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৭

কলকাতা ও হাওড়া পুরসভা এলাকায় ভোটার তালিকা সংক্রান্ত বিপুল সংখ্যক আবেদন এখনও বিচারাধীন। অ্যাপেলেট ট্রাইব্যুনালে এই দুই পুর এলাকা মিলিয়ে বিচারাধীন মামলার সংখ্যা দু'লক্ষ ২৯ হাজার ৬০। এখনও পর্যন্ত মাত্র পাঁচ হাজার ৪৮৫টি আবেদন নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় হলফনামা দিয়ে এই তথ্য জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। দুর্গাপুজোর পরেই কলকাতা ও হাওড়ায় পুরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তি না হলে দুই পুর এলাকার কত শতাংশ ভোটার চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পাবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কমিশনের হলফনামা অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ৩৮ লক্ষ ২০ হাজার ৬৮৩টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে এক লক্ষ দু'হাজার ২৩১টি। অর্থাৎ মোট আবেদনের মাত্র ২.৬৮ শতাংশের নিষ্পত্তি হয়েছে। রাজ্যের প্রতিটি জেলার জন্য মোট আবেদন, নিষ্পত্তি হওয়া আবেদন এবং বিচারাধীন আবেদনের পৃথক হিসাবও কমিশন হলফনামায় দিয়েছে।

তবে ভোটার তালিকায় নাম সংযোজন বা বাদ দেওয়ার জন্য ঠিক কতগুলি আবেদন জমা পড়েছে, তার পৃথক পরিসংখ্যান কমিশন দেয়নি। ফলে আগামী দু’মাসের মধ্যে বিপুল সংখ্যক আবেদন কীভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতা ও হাওড়ার মতো পুর এলাকায় পুরভোটের আগে এই প্রক্রিয়া শেষ করা যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গত ১১ অগস্ট প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে নির্দেশ দিয়েছিল, অ্যাপেলেট ট্রাইব্যুনালে কতগুলি মামলা বিচারাধীন রয়েছে এবং এখনও পর্যন্ত কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে, তার বিস্তারিত হিসাব দিতে হবে। পাশাপাশি কী ধরনের আবেদন জমা পড়েছে এবং নিষ্পত্তি হওয়া আবেদনের ভিত্তিতে ভোটার তালিকা আপডেট করা হচ্ছে কি না, সেই বিষয়েও তথ্য দিতে বলা হয়েছিল। সেই নির্দেশের পরেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মামলার পরিসংখ্যান জানাল কমিশন।

শুনানিতে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ কলকাতা ও হাওড়ার আবেদনগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তির আবেদন জানান। প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছে, প্রয়োজন হলে অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশও দিতে পারে শীর্ষ আদালত।

ফলে দুর্গাপুজোর পর কলকাতা ও হাওড়ায় পুরভোট হওয়ার আগে ভোটার তালিকা সংক্রান্ত এই বিপুল মামলার জট কতটা কাটে, এখন সেটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিচারাধীন আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি এবং তার ভিত্তিতে ভোটার তালিকা সংশোধনের কাজ সময়মতো শেষ করা যায় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


Share