Weather Update

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! বইবে ৭০ কিলোমিটার বেগে হাওয়া, সকাল থেকেই চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট শুরু হয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়ানোয় ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৬

রবিবার সকালেই ঘনিয়ে এলো অন্ধকার। আকাশে কালো মেঘ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই ঝড়-বৃষ্টির দাপট দেখা গিয়েছে। কোথাও ঝেঁপে বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুধু আজ নয়, আগামী কয়েক দিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। এর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

রবিবার কলকাতা, হাওড়া, হুগলি-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার। বিভিন্ন এলাকায় বৃষ্টিও শুরু হয়েছে। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে নিম্নচাপের প্রভাব আরও স্পষ্ট হতে পারে। ২২ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অধিকাংশ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার আরও খারাপ হতে পারে আবহাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ওই দিন হলুদ সতর্কতা থাকবে।

শুক্রবার ও শনিবারও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগ চলার সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Share