Kolkata Municipal Corporation

পুজোর আগে বিজ্ঞাপন কাঠামোয় কড়া নিয়ম, ২০-২৫ সেপ্টেম্বর আবেদন কলকাতা পুরসভায়

শনিবার পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সংক্রান্ত আবেদন জমা নেওয়া হবে।

কলকাতা পুরসভা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২

দুর্গাপুজোর আগে কলকাতায় অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো ও বিভিন্ন ধরনের ডিসপ্লে বসানোর ক্ষেত্রে কলকাতা পুরসভা নতুন নির্দেশিকা জারি করল। ২০২৬ সালের পুজো উপলক্ষে হোর্ডিং, এলইডি-সহ বিভিন্ন অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বসাতে হলে পুরসভার ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা বিশেষ অনুমতি নিতে হবে। শনিবার পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সংক্রান্ত আবেদন জমা নেওয়া হবে।

প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত কলকাতা পুরসভার বিজ্ঞাপন দফতরে আবেদনপত্র জমা দেওয়া যাবে। সংশ্লিষ্ট ফর্ম পুরসভার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে জমা দিতে হবে। পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, পুজোর মরসুমে অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বা বিভিন্ন ধরনের ডিসপ্লে বসানোর আগে এই অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনও কাঠামো বসানো হলে পুরসভার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

দুর্গাপুজোর কমিটিগুলিকে এনওসি দেওয়া প্রসঙ্গে কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে বলেন, “আমরা চাই কলকাতার পুজো ভাল ভাবে হোক। তাই ২০-২৫ তারিখ পর্যন্ত শিবির করে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে দেওয়া হবে।”

এ বার বিজ্ঞাপন সংক্রান্ত করের ক্ষেত্রেও পুরসভা আলাদা নিয়ম করেছে। ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক অঞ্জন উকিল পুজো কমিটিগুলিকে জানিয়েছেন, পুরসভার বিজ্ঞাপন দফতরের চিফ ম্যানেজার ভাস্কর ভট্টাচার্যের সঙ্গে আলোচনায় এলইডি বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রতি বর্গফুটে বছরে ৬০০ টাকা হারে করের কথা জানানো হয়েছে। তবে পুরো বছরের জন্য ওই টাকা দিতে হবে না। বিজ্ঞাপন যত দিন প্রদর্শিত হবে, সেই সময়ের ভিত্তিতে আনুপাতিক হারে কর নির্ধারণ করা হবে।

অন্য দিকে, এলইডি ছাড়া অন্যান্য বহিরাঙ্গন বিজ্ঞাপন বা ডিসপ্লের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়া হচ্ছে। অঞ্জন উকিলের দেওয়া তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ে এই ধরনের আউটডোর ডিসপ্লে পুরসভার বিজ্ঞাপন কর থেকে মুক্ত থাকবে।

ফলে এ বার পুজো কমিটি, বিজ্ঞাপনদাতা এবং বিভিন্ন সংস্থাকে একসঙ্গে অনুমতি ও করের বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা করতে হবে। বিশেষ করে এলইডি বিজ্ঞাপনের ক্ষেত্রে কত বর্গফুট জায়গায়, কত দিনের জন্য বিজ্ঞাপন চলবে— তার সঠিক হিসাব রাখা জরুরি। অন্য দিকে, করমুক্তির সময়সীমার মধ্যেই অন্যান্য অস্থায়ী ডিসপ্লে বসানো এবং সরানোর পরিকল্পনা করতে হবে।

পুজোর আগে কলকাতার বিভিন্ন রাস্তা, গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় অস্থায়ী বিজ্ঞাপন ও প্রচারমূলক ডিসপ্লের সংখ্যা বাড়ে। সেই কারণেই এ বার আগেভাগেই অনুমতি নেওয়ার ব্যবস্থা করল পুরসভা। নির্ধারিত ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন না করলে পরে আবেদন নেওয়া হবে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে পুজো কমিটি ও বিজ্ঞাপন সংস্থাগুলিকে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।


Share