Theft in Jewellery Shop

দিনেদুপুরে সোনার দোকানে ছিনতাই, গঙ্গারামপুরে ক্রেতা সেজে দোকানে ঢুকে কয়েক লক্ষ টাকার গয়না ছিনতাই দুই দুষ্কৃতীর

অভিযোগ, সুযোগ বুঝে কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে মুহূর্তের মধ্যেই দু’জন দুষ্কৃতী পালিয়ে যায়। দোকান মালিক কিছু বুঝে ওঠার আগেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

গঙ্গারামপুর থানা
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৮:৪৫

দিনেদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ির বাসিন্দা অরুণ মজুমদারের একটি সোনার দোকান রয়েছে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও দোকান খুলে বসেছিলেন তিনি। দুপুরের দিকে ক্রেতা সেজে দু'জন দুষ্কৃতী দোকানে আসে।  একজন বাইরে দাঁড়িয়ে থাকলেও অন্যজন দোকানের ভিতরে ঢুকে সোনার অলংকার দেখাতে বলেন।

অভিযোগ, সুযোগ বুঝে কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে মুহূর্তের মধ্যেই দু’জন দুষ্কৃতী পালিয়ে যায়। দোকান মালিক কিছু বুঝে ওঠার আগেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। তারা বিষয়টির তদন্ত শুরু করে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

দিনের আলোয় এমন ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়ে দোকানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন।


Share