TMC Leader Resign Letter

রাজ্যে পালাবদলের আবহে হিলিতে একযোগে ইস্তফা প্রধান-উপপ্রধানের, নতুন বোর্ড ঘিরে জল্পনা তুঙ্গে

বুধবার সন্ধ্যায় হিলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ দাস এবং উপপ্রধান উমা খটিক তাঁদের পদ থেকে ইস্তফা দিয়ে বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দেন।

হিলি গ্রাম পঞ্চায়েত।
নিজস্ব সংবাদদাতা, হিলি
  • শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০৩:২১

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহের মধ্যেই দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকে প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। বুধবার সন্ধ্যায় হিলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ দাস এবং উপপ্রধান উমা খটিক তাঁদের পদ থেকে ইস্তফা দিয়ে বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দেন। এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে এলাকাজুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে হিলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪টি আসনের মধ্যে ১২টিতেই জয়ী হয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন বিশ্বজিৎ দাস এবং উপপ্রধান হন উমা খটিক। কিন্তু রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির আবহে তাঁদের একযোগে পদত্যাগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বজিৎ দাস জানান, চারদিকে ক্রমাগত অশান্তির পরিবেশ তৈরি হচ্ছিল। তার প্রভাব পড়েছিল মানসিক অবস্থার উপরও। উন্নয়নমূলক কাজ স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। তাই হিলির মানুষের স্বার্থে নতুন বোর্ড গঠনের সুযোগ করে দিতেই তাঁরা ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

হিলি ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রধান ও উপপ্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এখন আইনানুগ প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে এই পদত্যাগ শুধুই ব্যক্তিগত ও প্রশাসনিক কারণে, নাকি এর নেপথ্যে রয়েছে বৃহত্তর রাজনৈতিক সমীকরণ তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। ফলে নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া এবং পঞ্চায়েতের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখনই শুরু হয়েছে জোর আলোচনা।


Share