Murder Case

পুজো কমিটির দখল নিয়ে বিবাদ, বারুইপুরের বিজেপি কর্মীকে কুপিয়ে খুন, দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে কীভাবে মৃত্যু তা স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। কয়েক জনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

মৃত বিজেপি কর্মীর নাম বাপি প্রামাণিক।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ১২:২০

বারুইপুরে বিজেপি কর্মী খুন। মৃতের নাম বাপি প্রামাণিক (৪৫)। ঘটনাটি ট‍্যাঙ্গারবেড়িয়ায় পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। পুলিশের দাবি, পুজো কমিটির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে অশান্তি হয়। তার পরেই এই ঘটনা হতে পারে। বিজেপি অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, স্থানীয় পুজো কমিটির দখল কার দখলে যাবে তা নিয়ে দু’পক্ষের মধ‍্যে বচসা শুরু হয়। তার পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এরই মধ্যে অপর গোষ্ঠীর কেউ তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। পরপর কোপ মারে। বাপির সঙ্গে থাকা বেশ কয়েক জন জখম হন। সবাইকেই বারুইপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাপিকে বাঁচানো যায়নি। হাসপাতালের পথেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বাপিকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনায় বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, “বারুইপুরের ট‍্যাঙ্গারবেড়িয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুজো কমিটির গঠন নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। বাপি প্রামাণিক গুরুতর জখম হন। হাসপাতালের নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”

পরিবারের বক্তব্য, বাপি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। তৃণমূল জমানায় বিজেপি করার জন্য প্রায় এক দশক বাড়ি ছাড়া হয়েছিল। এলাকায় বাপির নামডাক ছিল বলেও দাবি করা হয়েছে। অভিযোগ, স্থানীয় বিজেপি নেতার নেতৃত্বের বাপির ওপর হামলা চালানো হয়েছে। পরিকল্পনা করে বাপিকে খুন করা হয়েছে।

দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে কীভাবে মৃত্যু তা স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। কয়েক জনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


Share