Fire Incident

কলকাতার বুকে ফের অগ্নিকাণ্ড, যশোর রোডের শোরুমে পুড়ে ছাই ২২টি গাড়ি, ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন

সোমবার ভোরে কলকাতা বিমানবন্দরের কাছে যশোর রোড সংলগ্ন বাঁকড়ায় গাড়ির সার্ভিস সেন্টার ও শোরুমে ভয়াবহ আগুন। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা দেখছেন দমকল আধিকারিকরা।

ভস্মীভূত গাড়ি
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ০২:৪১

পর পর অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার ভোরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। কলকাতা বিমানবন্দরের কাছে যশোর রোড সংলগ্ন বাঁকড়ায় একটি গাড়ির সার্ভিস সেন্টার ও শোরুমে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে একের পর এক গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় অন্তত ২২টি গাড়ি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। আরও আটটি গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। আগুনের ভয়াবহতা বুঝে পরে আরও তিনটি ইঞ্জিন নিয়ে আসা হয়। মোট আটটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

আগুন লাগার খবর পেয়ে সার্ভিস সেন্টারে গাড়ি সারাতে দেওয়া এক বাণিজ্যিক গাড়ির মালিক ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি এসে দেখেন, তাঁর গাড়িটিও ততক্ষণে আগুনের গ্রাসে। তাঁর অভিযোগ, দমকলকর্মীরা তখন কারখানার অন্যদিকে আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন। চোখের সামনে পুড়ে যায় তাঁর নতুন গাড়ি। তাঁর কথায়, সার্ভিস সেন্টারে গাড়ি দিয়ে এত বড় ক্ষতির মুখে পড়তে হবে, তা ভাবতেও পারেননি। এখন কীভাবে ক্ষতিপূরণ মিলবে, তা নিয়েও তিনি দুশ্চিন্তায়।

দমকলের এক আধিকারিক জানান, সম্ভবত ভোর ৪টা ৪৫ মিনিট নাগাদ আগুন লাগে। মধ্যমগ্রাম-বিরাটি জোন থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে দ্রুত দমকল পৌঁছোয় । ততক্ষণে গোটা কারখানাতেই আগুন ছড়িয়ে পড়েছিল। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে সার্ভিস সেন্টারে মাত্র একটি এন্ট্রি পয়েন্ট থাকায় ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজে সমস্যার মুখে পড়তে হয় দমকলকর্মীদের।

এই ঘটনার পর সার্ভিস সেন্টারে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। দমকল আধিকারিকদের দাবি, আগুন লাগার সময় ঘটনাস্থলে সার্ভিস সেন্টারের কোনও কর্মী বা কর্তৃপক্ষের দেখা মেলেনি। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি, সেখানে প্রয়োজনীয় ফায়ার সেফটি ব্যবস্থা ছিল কি না, কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে তাও পরিষ্কার হবে বলে জানিয়েছে দমকল।


Share