Weather Update

বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জের, রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টির সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা

ভারী বৃষ্টিতে কলকাতা-সহ বিভিন্ন নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ আগস্ট ২০২৬ ১১:০৫

বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুটি নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে আবহাওয়ার পরিস্থিতি ক্রমেই প্রতিকূল হয়ে উঠছে। মঙ্গলবার ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। কোথাও হালকা, কোথাও আবার দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতাতেও সকাল থেকেই বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দিনভর শহর ও সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে। সময়ের সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী বৃষ্টি হলে কলকাতার ব্যস্ত রাস্তাঘাট এবং নিচু এলাকাগুলিতে ফের জল জমে জনজীবনে দুর্ভোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও একই ছবি। দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এ দিকে জোড়া নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর ও প্রশাসনের তরফে জারি করা সমস্ত সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


Share