Money Scam

স্বাস্থ্য দফতরের টাকা সরাসরি নিজের অ্যাকাউন্টে! কুমারগঞ্জে ১৮ লক্ষ টাকার তছরুপের অভিযোগে পলাতক অ্যাকাউন্টস ম্যানেজার

অভিযোগ, ওই অর্থ বিভিন্ন সময়ে স্বাস্থ্য দফতরের অ্যাকাউন্ট থেকে অভিযুক্তের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কুমারগঞ্জ
  • শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১১:০২

নদিয়ার কুমারগঞ্জ ব্লক স্বাস্থ্য দফতরে আর্থিক দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাস্থ্য দফতরের প্রায় ১৮ লক্ষ টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করার অভিযোগ উঠেছে ব্লক স্বাস্থ্য দফতরের অ্যাকাউন্টস ম্যানেজার প্রদীপ্ত পালের বিরুদ্ধে। বালুরঘাট শহরের কংগ্রেস পাড়া এলাকার বাসিন্দা প্রদীপ্ত দীর্ঘদিন ধরে ওই পদে কর্মরত ছিলেন। অভিযোগের ভিত্তিতে তাঁকে আগেই সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

বিভাগীয় তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর গত শুক্রবার কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক তাপস তালুকদার। অভিযোগের ভিত্তিতে শনিবার মামলা রুজু করেছে পুলিশ। বর্তমানে অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতরের বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান সরাসরি দফতরের অ্যাকাউন্টে জমা হয়। চলতি বছরের এপ্রিল মাসে হিসাব খতিয়ে দেখতে গিয়ে তৎকালীন ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র সাহা প্রথম আর্থিক গরমিলের বিষয়টি নজরে আনেন। তিনি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপরই শুরু হয় বিভাগীয় তদন্ত।

সম্প্রতি জেলা অ্যাকাউন্টস বিভাগের জমা দেওয়া তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মোট ১৮ লক্ষ ১১ হাজার ৫৭৯ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ, ওই অর্থ বিভিন্ন সময়ে স্বাস্থ্য দফতরের অ্যাকাউন্ট থেকে অভিযুক্তের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল।

তৎকালীন ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র সাহা বলেন, '১৮ লক্ষেরও বেশি টাকা ওই কর্মী নিজের অ্যাকাউন্টে নিয়েছেন।' বর্তমান ব্লক স্বাস্থ্য আধিকারিক তাপস তালুকদার বলেন, 'এ নিয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ প্রশাসন সবটা খতিয়ে দেখছে।'

অভিযুক্ত প্রদীপ্ত পালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে পুলিশ পুরো ঘটনার আর্থিক লেনদেন খতিয়ে দেখছে।


Share