Calcutta High Court

একই দিন, একই জায়গা, একই কর্মসূচি! টিএমসিপির প্রতিষ্ঠা দিবস নিয়ে মমতা-ঋতব্রত সংঘাত, মঙ্গলবার হাই কোর্টে শুনানি

সোমবার বিষয়টি কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হলে বিচারপতি তা মঞ্জুর করেন।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ১১:৫৫

২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। দুই পক্ষই মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের জন্য অনুমতি চেয়েছে। সোমবার বিষয়টি কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হলে বিচারপতি তা মঞ্জুর করেন। এই সংক্রান্ত মামলার শুনানি মঙ্গলবার হবে।

দলের ছাত্র সংগঠন টিএমসিপি প্রতিষ্ঠা দিবস প্রতি বছরই তৃণমূল মেয়ো রোডে পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এ নিয়ে কোনও সমস্যা হয়নি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর বদলে গিয়েছে রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনে পরাজয়ের পর মমতা ক্ষমতাচ্যুত হন এবং তৃণমূলও ভেঙে যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জয়ী বিধায়কেরা পৃথক শিবির গড়ে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করছেন। বিধানসভাতেও তাঁরাই সংখ্যাগরিষ্ঠ। এই পরিস্থিতিতে ২৮ অগস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে গত ২৭ জুলাই কালীঘাটপন্থী শিবির আবেদন জানায়। ওই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে সোমবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও একই দিন, একই সময়ে একই জায়গায় দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য অনুমতি চেয়েছে। ফলে কর্মসূচি ঘিরে জটিলতা তৈরি হয়েছে। এখন দুই শিবিরের অনুষ্ঠানই অনেকটা নির্ভর করছে আদালতের নির্দেশের উপর। এর আগে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন নিয়েও তৃণমূল একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিল। ক্ষমতায় থাকাকালীন ধর্মতলায় শহিদ দিবসের সমাবেশ করত দল। কিন্তু এ বার মমতা ও ঋতব্রত দুই শিবিরই পৃথক ভাবে কর্মসূচি পালনের অনুমতি চায়। আদালত ঋতব্রত শিবিরকে মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে অনুষ্ঠান করার অনুমতি দেয়। অন্য দিকে, মমতা শিবিরকে ক্যাথিড্রাল রোডে অনুমতি দেওয়া হয়। দুই পক্ষের কর্মসূচিতেই আদালত একাধিক শর্ত আরোপ করেছিল। এ বার টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস ঘিরেও দুই শিবিরকে পৃথক জায়গায় অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে কি না, অথবা আগের মতো জমায়েতে লোকসংখ্যা ও সময়সীমা বেঁধে দেওয়া হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।


Share