Patient Death

চিকিৎসকের অস্পষ্ট হাতের লেখার মাশুল! ভুল ওষুধ সেবনে যুবকের মৃত্যু, প্রেসক্রিপশন পদ্ধতি নিয়ে শুরু বিতর্ক

পরিবারের দাবি, দু'দিন আগে হরিরামপুর স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক খিঁচুনির জন্য ‘ডিউডিল’ নামের একটি ওষুধ প্রেসক্রাইব করেছিলেন। কিন্তু প্রেসক্রিপশনের হাতের লেখা স্পষ্ট না হওয়ায় ওষুধের দোকান থেকে ভুলবশত ‘ডাওনিল’ নামে একটি ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হহরিরামপুর
  • শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ০৩:১৭

চিকিৎসকের অস্পষ্ট হাতের লেখার জেরে ভুল ওষুধ সেবন করে প্রাণ হারাল এক যুবক। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরে। ঘটনাটি সামনে আসতেই চিকিৎসকদের প্রেসক্রিপশন লেখার পদ্ধতি এবং রোগী সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বীরেন নুনিয়া (২৯)। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার শশা এলাকায়। পরিবারের দাবি, দু'দিন আগে হরিরামপুর স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক খিঁচুনির জন্য ‘ডিউডিল’ নামের একটি ওষুধ প্রেসক্রাইব করেছিলেন। কিন্তু প্রেসক্রিপশনের হাতের লেখা স্পষ্ট না হওয়ায় ওষুধের দোকান থেকে ভুলবশত ‘ডাওনিল’ নামে একটি ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়।

মৃতের ভাইপো তাপস কুমার শীলের অভিযোগ, ওই ওষুধ সেবনের পর থেকেই বীরেনবাবুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেন হাসপাতালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায়। শুক্রবার বিকেলে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

এ দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের হাতের লেখা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ফের সামনে এসেছে। রায়গঞ্জের বাসিন্দা পুলক ঘোষ জানান, অনেক রোগীই চিকিৎসকের চেম্বারের পাশের নির্দিষ্ট ওষুধের দোকান থেকেই ওষুধ কিনতে বাধ্য হন, কারণ অন্য দোকানদারদের পক্ষে প্রেসক্রিপশনের লেখা বোঝা কঠিন হয়ে পড়ে।

প্রবীণ মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অরবিন্দ রায়ের মতে, রোগীর নিরাপত্তার স্বার্থে প্রেসক্রিপশনে ওষুধের নাম সবসময় বড় হাতের অক্ষরে (ক্যাপিটাল লেটারে) লেখা উচিত। পাশাপাশি জেনেরিক নামও স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মত, সম্পূর্ণ ডিজিটাল বা কম্পিউটারাইজড প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হলে এ ধরনের মারাত্মক ভুলের সম্ভাবনা অনেকটাই কমে যাবে।


Share