Cyber Crime

রাজ্য ও কলকাতা পুলিশের যৌথ প্রচেষ্টায় শুরু ‘অপারেশন সাইবার প্রহার’, রাজ‍্য জুড়ে গ্রেফতার ১৯৯ জন, প্রতারণার পরিমাণ প্রায় ৯৪ কোটি টাকা

সাইবার অপরাধের হটস্পটগুলিকে জানানো হয়নি। তদন্তের স্বার্থেই তা গোপন রাখা হয়েছে বলে লালবাজারের এক পুলিশকর্তা জানিয়েছেন। তবে এই এই সমস্ত হটস্পটগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ১১:৩৫

সাইবার অপরাধের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করল পুলিশ। রাজ‍্য এবং কলকাতা পুলিশ যৌথ ভাবে এই অভিযান শুরু করেছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সাইবার প্রহার’।

স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর জানিয়েছে, ‘অপারেশন সাইবার প্রহার’ অভিযানের আওতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন পুলিশ জেলা ও পুলিশ কমিশনারেটের পাশাপাশি কলকাতা পুলিশকেও রাখা হয়েছে। পুলিশ সূত্রের খবর, এই অভিযান শুরুর আগে সাইবার অপরাধের হটস্পটগুলিকে চিহ্নিত করা হয়েছে। তার পরে সাইবারের সংঘটিত সিন্ডিকেট ভাঙতে অভিযান শুরু করা হয়।

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই অভিযানে মোট ৮৭টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। মোট ১৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজ‍্য পুলিশের সাইবার ক্রাইম শাখা দায়ের করেছে ৭১টি এবং কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখার গোয়েন্দারা দায়ের করেছে ১৬টি মামলা। মামলা দায়েরের ক্ষেত্রে রাজ‍্য পুলিশ এগিয়ে রয়েছে।

অন‍্য দিকে, রাজ‍্য পুলিশ সাইবার দমন অভিযানে বিভিন্ন জায়গা থেকে ১০৮ জনকে গ্রেফতার করেছে। কলকাতা পুলিশের ৯১ জনকে গ্রেফতার করেছে। রাজ্য জুড়ে ‘অপারেশন সাইবার প্রহার’ অভিযানে এখনও পর্যন্ত মোট ১৯৯ জন পুলিশের জালে ধরা পড়েছে। মোট ৮৭টি মামলায় টাকার পরিমাণও নেহাত কম নয়। জানা গিয়েছে, সাইইবার অপরাধগুলির সঙ্গে জড়িত প্রতারণার পরিমাণ প্রায় ৯৩ কোটি ৭৫ লক্ষ টাকা।

যদিও সাইবার অপরাধের হটস্পটগুলিকে জানানো হয়নি। তদন্তের স্বার্থেই তা গোপন রাখা হয়েছে বলে লালবাজারের এক পুলিশকর্তা জানিয়েছেন। তবে এই এই সমস্ত হটস্পটগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশের এই অভিযানের মূল লক্ষ্য হল সাইবার প্রতারণার নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহৃত এলাকাগুলিকে চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ করা। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া বিপুল অর্থের উৎস ও নেটওয়ার্কের সন্ধান করা। একই সঙ্গে এই সাইবার অপরাধের দুনিয়ায় যুক্ত থাকা অন্যান্য অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করা।

তবে কয়েক বছর আগে সাইবার মাফিয়া ইমরান কুরেশি ওরফে শ‍্যাঙ্কি ওয়াটসনের বিরুদ্ধে কলকাতা পুলিশ মামলা দায়ের করেছিল। অভিযোগ ছিল, তিনি বিদেশে বসে রাজ‍্যে সাইবার নেটওয়ার্ক পরিচালনা করেন। সরকার পরিবর্তনের পরে তাঁকে পাকড়াও করতে কী পদক্ষেপ করা হচ্ছে, তা নিয়ে সদুত্তর মেলেনি।


Share