Ammonia Leaks

মাঝরাতে হাড়োয়ায় বিষাক্ত গ্যাসের আতঙ্ক! বরফ কারখানা থেকে অ্যামোনিয়া লিক, শ্বাসকষ্টে অসুস্থ ২৫ জন

গ্যাসের প্রভাবে মহিলা ও শিশু-সহ অন্তত ২৫ জন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভও ছড়িয়েছে।

হাড়োয়ায় ররফ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনা।
নিজস্ব সংবাদদাতা, হাড়োয়া
  • শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ১২:৫৮

রবিবার রাতে আচমকা অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে আতঙ্ক তৈরি হয় বসিরহাটের হাড়োয়া এলাকায়। স্থানীয় একটি বরফ কারখানা থেকে ঝাঁঝালো গ্যাস ছড়িয়ে পড়ায় তীব্র শ্বাসকষ্ট ও অসুস্থতার অভিযোগ ওঠে। গ্যাসের প্রভাবে মহিলা ও শিশু-সহ অন্তত ২৫ জন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভও ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ন'টা নাগাদ হাড়োয়া থানার শা’পুকুর সংলগ্ন একটি বরফ কারখানা থেকে আচমকাই অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তীব্র ঝাঁঝালো গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। গ্যাসের প্রভাবে স্থানীয় বাসিন্দাদের চোখ জ্বালা এবং শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি বুঝে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অসুস্থ শিশু ও মহিলা-সহ আক্রান্তদের দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়েই হাড়োয়া থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বরফ কারখানার কোথা থেকে গ্যাস লিক হয়েছে, তা খতিয়ে দেখতে শুরু করেন। অন্য দিকে, অগ্নিকাণ্ড ও গ্যাস লিকের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জনবসতিপূর্ণ এলাকায় থাকা ওই বরফ কারখানাটি স্থায়ী ভাবে বন্ধ করার দাবিতে তাঁরা রাস্তায় নামেন। বেড়াচাঁপা-হাড়োয়া রোডে টায়ার জ্বালিয়ে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।

বাসিন্দাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বার বার দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। অবিলম্বে কারখানাটি বন্ধ করার দাবিতে এলাকা দীর্ঘক্ষণ উত্তপ্ত থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Share