Drug Trafficking

লিচুর ব্যাগে লুকিয়ে ব্রাউন সুগার পাচারের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার যুবক

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাস থেকে নামার পর কালামকে আটক করে। পরে তাঁর সঙ্গে থাকা লিচুভর্তি ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৭:৫১

লিচুর মরশুমকে কাজে লাগিয়ে মাদক পাচারের অভিনব কৌশলের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরে। লিচুভর্তি ব্যাগের আড়ালে ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম কালাম মণ্ডল। তাঁর বাড়ি বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কুরমাইল এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাস থেকে নামার পর কালামকে আটক করে। পরে তাঁর সঙ্গে থাকা লিচুভর্তি ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

তদন্তকারীদের অনুমান, দীর্ঘদিন ধরেই ওই যুবক মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, লিচুর মরশুমের সুযোগ নিয়ে মালদহ থেকে লিচুর ব্যাগে করে ব্রাউন সুগার এনে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত যুবক। কালামের দাবি, তিনি কোনও মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত নন। ব্রাউন সুগারে আসক্ত হওয়ার কারণে ব্যক্তিগত ব্যবহারের জন্যই মালদহ থেকে ওই মাদক নিয়ে ফিরছিলেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মাদকের দাপটে যুবসমাজ ক্রমশ বিপথে যাচ্ছে। এই ধরনের অবৈধ কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা।

ফলের ব্যাগের আড়ালে মাদক পাচারের এই ঘটনা ফের একবার জেলার মাদক চক্রের সক্রিয়তার বিষয়টি সামনে এনে দিল। এই চক্রের শিকড় কতটা বিস্তৃত, তা খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


Share