Fox Attack

শান্তিপুরে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব, শিশু-সহ জখম অন্তত ১৫! আতঙ্কে ঘরবন্দি বাসিন্দারা

শেয়ালটি ফের হামলা চালাতে পারে, এই আশঙ্কায় সন্ধ্যার পর লাঠি-টর্চ নিয়ে এলাকায় পাহারা দিচ্ছেন স্থানীয়রা। দ্রুত বনদফতরের হস্তক্ষেপের দাবি উঠেছে।

লাঠি হাতে পাহারায় স্থানীয়রা।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ০৩:০৬

নদিয়ার শান্তিপুরে লোকালয়ে ঢুকে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব ঘিরে ছড়াল তীব্র আতঙ্ক। শান্তিপুর ব্লকের ঢাকা পাড়া এলাকায় আচমকাই একটি শেয়াল ঢুকে পড়ে। এরপর একের পর এক বাড়িতে ঢুকে যাকে সামনে পেয়েছে, তাকেই আক্রমণ করেছে বলে অভিযোগ। শেয়ালের কামড়ে এক শিশুসহ অন্তত ১০ জন জখম হয়েছেন। অন্যদিকে, ঢাকা পাড়ার শেষ প্রান্ত এবং বাগদেবীপুরের শুরুর দিকেও আরও ৭-৮ জনকে শেয়ালে কামড়েছে বলে দাবি স্থানীয়দের। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা অন্তত ১৫ জন বলে জানা গিয়েছে।

স্থানীয়দের দাবি, আচমকাই শেয়ালটি এলাকায় ঢুকে পড়ে। তারপর কখনও কোনও বাড়িতে ঢুকে পড়ে। আবার কখনও রাস্তায় বেরিয়ে এসে সামনে থাকা মানুষজনকে আক্রমণ করতে থাকে। পরিস্থিতি দেখে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কয়েকজন স্থানীয় বাসিন্দা একত্রিত হয়ে শেয়ালটিকে ধাওয়া করলে সেটি পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়।

শেয়ালের কামড়ে জখমদের মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত আট থেকে ন'জন জন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন। চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

তবে আতঙ্ক কাটেনি স্থানীয়দের মধ্যে। শেয়ালটি ফের লোকালয়ে ফিরে এসে হামলা চালাতে পারে, এই আশঙ্কায় সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া অনেকেই বাড়ির বাইরে বেরোচ্ছেন না। কেউ কেউ বাইরে বেরোলে সঙ্গে লাঠিও রাখছেন। পাশাপাশি এলাকার যুবকেরা দলবদ্ধ হয়ে টর্চ ও লাঠি নিয়ে মাঝেমধ্যেই পাড়ায় টহল দিচ্ছেন।

স্থানীয়দের দাবি, ঢাকা পাড়ার পাশাপাশি কাছেই বাগদেবীপুরের শুরুর দিকেও একইভাবে সাত থেকে আট জনকে একটি শেয়াল কামড়েছে। দুটি এলাকায় হামলা চালানো শেয়াল দুটি আলাদা, নাকি একই শেয়াল দুই জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। আতঙ্কের পরিস্থিতিতে দ্রুত বনদফতরের হস্তক্ষেপে শেয়ালটিকে খুঁজে বার করে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Share