Kankurgachi Post Office

নতুন রূপে কাঁকুরগাছি সাব পোস্ট অফিস, আধুনিক প্রযুক্তিতে মিলবে দ্রুত ডাক ও আর্থিক পরিষেবা

কাঁকুরগাছি সাব পোস্ট অফিসের স্থানীয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার।
অরুণিমা কর্মকার, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ১১:৩০

কলকাতার কাঁকুরগাছি সাব পোস্ট অফিসকে আধুনিকীকরণ করে নতুন রূপে সাজানো হল। ‘স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার ডিজাইন ম্যানুয়াল’-এর নির্দেশিকা মেনে সংস্কারের পর সোমবার ভার্চুয়ালি এই আধুনিক ডাক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। নাগরিক-কেন্দ্রিক বিভিন্ন ডাক ও আর্থিক পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্রটিকে প্রযুক্তি-সক্ষম পরিকাঠামোয় সাজানো হয়েছে।

কাঁকুরগাছি সাব পোস্ট অফিসের স্থানীয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

কলকাতার সিআইটি রোডে অবস্থিত কাঁকুরগাছি সাব পোস্ট অফিসটি দু'হাজার ৭৬৩ বর্গফুট দখলমুক্ত জমি ও চত্বরের উপর নির্মিত একটি বিভাগীয় ভবনে অবস্থিত। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই ডাক পরিষেবা কেন্দ্র থেকে স্থানীয় বাসিন্দাদের আরও দ্রুত, সুবিধাজনক ও কার্যকর ডাক এবং আর্থিক পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ লকডাউনের সময় এই অফিসটি একটি অত্যাবশ্যকীয় ডেলিভারি পোস্ট অফিস হিসাবে কাজ চালিয়ে গিয়েছে এবং জনসাধারণকে নিরবচ্ছিন্ন ডাক পরিষেবা নিশ্চিত করেছে।

এ দিন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কাঁকুরগাছি সাব পোস্ট অফিসের পাশাপাশি সারা দেশে আরও ১৪টি পোস্ট অফিসের উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের  জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যোগাযোগ ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি। একই অনুষ্ঠানে ‘ডাক সেবা’ ও ‘ডাক মিত্র’ অ্যাপও চালু করা হয়।

পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের তরফে জানানো হয়েছে, আধুনিক পরিকাঠামোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর ডাক পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উল্লেখ্য, ভারতীয় ডাক বিভাগ চালু করেছে ডাক সেবা অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই স্পিড পোস্ট ও পার্সেল বুকিং, পার্সেল ট্র্যাকিং, পোস্ট অফিস লোকেটার, পোস্টেজ ক্যালকুলেটর, এবং বিমা বা সুদের হার হিসাব করার সুবিধা পাওয়া যায়। পাশাপাশি, ডাক মিত্র অ্যাপ হলো ভারতীয় ডাক বিভাগের একটি ডিজিটাল মাধ্যম। এটি মূলত গ্রামীণ ডাক সেবকদের জন্য তৈরি করা হয়েছে। এর সাহায্যে কর্মীরা নিরাপদ ও সহজে সাধারণ মানুষের দোরগোড়ায় বিভিন্ন ডাক সেবা পৌঁছে দিতে পারেন।


Share