Weather Update

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি, উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির দাপট, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের

নিম্নচাপের প্রভাবে আজ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।

সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ১০:৪৮

নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাব পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও সংলগ্ন উপকূলীয় এলাকায়। নিম্নচাপটি দক্ষিণমুখী এবং এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। অন্য দিকে, অমৃতসর, শাহজাহানপুর, ডালটনগঞ্জ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের ওপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা।

সোমবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বুধবারও সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

সোমবার উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার।

নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই আজ, সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, ছত্তিশগড় ও পূর্ব-মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।


Share