Sukanta Majumdar

এ বার কি দীর্ঘ প্রতীক্ষার অবসান! বালুরঘাট বিমানবন্দর চালু করতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে সুকান্ত, জেলায় বিমান পরিষেবার আশা জোরদার

ইতিমধ্যেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি রেল ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন প্রকল্পও বাস্তবায়নের পথে।

বৈঠকে সুকান্ত মজুমদার।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৮:৫৯

দক্ষিণ দিনাজপুরের দীর্ঘদিনের দাবি বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালুর লক্ষ্যে সক্রিয় ভূমিকা নিলেন সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। এই বিষয়ে সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকে বালুরঘাট বিমানবন্দরকে দ্রুত কার্যকরী করে বিমান পরিষেবা চালুর দাবি জোরালোভাবে তুলে ধরেন সাংসদ।

দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ স্থাপন, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণ এবং বিমান পরিষেবা চালুর মতো একাধিক উন্নয়নমূলক প্রতিশ্রুতি বিধানসভা নির্বাচনের আগে দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর থেকেই সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্তরে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। ইতিমধ্যেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি রেল ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন প্রকল্পও বাস্তবায়নের পথে।

এ বার বিমান পরিষেবা চালুর ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। বৈঠকের পর ড. সুকান্ত মজুমদার জানান, বালুরঘাট বিমানবন্দরকে চালু করার জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “এ দিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সামনে বালুরঘাট বিমানবন্দরকে কার্যকরী করার জন্য যাবতীয় বিষয় তুলে ধরি। মুখ্যমন্ত্রীর থেকে এনিয়ে সমস্ত সহযোগিতার আশ্বাস পেয়েছি। এতদিন বালুরঘাট বিমানবন্দর রাজ্য সরকারের হাতে ছিল। এখন সিদ্ধান্ত হয়েছে এই বিমানবন্দর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হবে।” কী ভাবে এখান থেকে বিমান চালানো যায়, তা দেখছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালুর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

সূত্রের খবর, বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালুর বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনা করা হচ্ছে। ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে বলে আশা প্রকাশ করেছেন জেলার বাসিন্দারা।

উল্লেখ্য, বালুরঘাট শহরের মাহিনগর এলাকায় প্রায় ৫০ একর জমির উপর অবস্থিত বিমানবন্দরটি। আশির দশকের পর থেকে সেখানে নিয়মিত বিমান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ২০১৬ সালে বিমানবন্দরটির সংস্কার ও আধুনিকীকরণের কাজ শুরু করে রাজ্যের পূর্ত দফতর। বর্তমানে সেই বিমানবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করে দক্ষিণ দিনাজপুরকে আকাশপথে যুক্ত করার উদ্যোগ নতুন করে গতি পেয়েছে।


Share