SSKM Hospital

এসএসকেএমের ওপিডির সামনে বসেছিলেন, সেই সময় আস্ত গাছের গুঁড়ি ভেঙে পড়ল মহিলার গায়ে, ঘটনাস্থলেই মৃত্যু

প্রত‍্যক্ষদর্শীদের অভিযোগ, গাছটি শুকনো ছিল। তার পরেও তা কাটা হয়নি। সেই অবস্থাতেই রেখে দেওয়া হয়েছিল। তাই এই দুর্ঘটনা ঘটেছে। এসএসকেএম হাসপাতাল চত্বরে দুর্ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।

এসএসকেএম হাসপাতালে গাছ ভেঙে মহিলার মৃত্যু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ০২:০৩

এসএসকেএম হাসপাতালে পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে এসে প্রাণ হারালেন এক মহিলা। মৃতের নাম রাহিদা বিবি (৪৬)। তিনি বীরভূমের নলহাটির বাসিন্দা। সোমবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রের খবর, সোমবার বেলার দিকে ইউরোলজি বিভাগের ওপিডির সামনে ঘটনাটি ঘটেছে। সেখানকার একটি কংক্রিটের চেয়ারে বসেছিলেন রাহিদা। তিনি আকলিমা বিবি নামে এক আত্মীয়ের চিকিৎসা করাতে এসএসকেএম হাসপাতালে এসেছিলেন। সেই সময় আচমকাই হাসপাতাল চত্বরে থাকা একটি শুকনো গাছ ভেঙে পড়ে। রাহিদা গাছের নীচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নিম্নচাপের জেরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। সেই সময় গাছ ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পরে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। চলতি বছরের জুন মাসেও শহরে প্রবল হাওয়ার দাপটে একাধিক গাছ ভেঙে পড়েছিল। সেই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল। একাধিক মানুষ জখম হন।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গাছ ভেঙে পড়ার ঘটনায় আরও দু’জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের নাম জিল্লার রহমান (৬৮) এবং শিস মহম্মদ শেখ (৭৬)। তাঁরাও ওই কংক্রিটের চেয়ারে বসেছিলেন। তাঁদেরকে ট্রামা কেয়ারে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

প্রত‍্যক্ষদর্শীদের অভিযোগ, গাছটি শুকনো ছিল। তার পরেও তা কাটা হয়নি। সেই অবস্থাতেই রেখে দেওয়া হয়েছিল। তাই এই দুর্ঘটনা ঘটেছে। এসএসকেএম হাসপাতাল চত্বরে দুর্ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। লালবাজারের তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি।


Share