TMC Political Crisis

রাতের অন্ধকারে প্রাক্তন তৃণমূল এলাকায় কাউন্সিলর ঢুকতেই তাড়া! দুর্গাপুরে উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের

পরিস্থিতি বুঝে তৃণমূল নেতা শশাঙ্কশেখরকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ। তাঁকে আটক করে কোক ওভেন থানায় নিয়ে যাওয়া হয়। লাঠিচার্জের জেরে বেশ কয়েক জন বিক্ষোভকারী জখম হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

দুর্গাপুরে তৃণমূল কাউন্সিলরকে তাড়া।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ০৫:৫২

রাতের অন্ধকারে এলাকায় ঢুকতে চেয়েছিলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। তিনি এলাকায় ঢুকতেই তাড়া করে স্থানীয়েরা। সেখানে উত্তেজিত জনতা ভাঙচুর করে বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করা হয়। 

রবিবার রাতে কোক ওভেন থানা এলাকার দুর্গাপুরের ডিপিএল কলোনিতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, তৃণমূল নেতা শশাঙ্কশেখর মন্ডল ও তাঁর দাদা রবিবার বাড়িতে ফেরার কথা ছিল। নির্বাচনের ভরাডুবির পর থেকেই তিনি বাড়ি ছাড়া ছিলেন বলে জানা গিয়েছে। তিনি দুর্গাপুর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন প্রাক্তন কাউন্সিলর ছিলেন। শশাঙ্কশেখর এলাকায় দাপুটে তৃণমূল নেতা ছিলেন। 

তাঁর বাড়ি ফেরার খবর পেয়ে স্থানীয় বিজেপির কর্মীরা শশাঙ্কশেখরের ডিপিএল কলোনির বাড়ির সামনে জড়ো হয়। তাঁরা তৃণমূল নেতা কখন ফেরে তারই অপেক্ষায় ছিলেন। শশাঙ্কশেখর বাড়ির সামনে আসতেই বিশৃঙ্খলা শুরু হয়। শশাঙ্কশেখরকে বিজেপির কর্মীরা তাড়া করেন। এমনকী, তাঁর বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে পুলিশকে লাঠিচার্জ করতে বাধ্য হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরিস্থিতি বুঝে তৃণমূল নেতা শশাঙ্কশেখরকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ। তাঁকে আটক করে কোক ওভেন থানায় নিয়ে যাওয়া হয়। লাঠিচার্জের জেরে বেশ কয়েক জন বিক্ষোভকারী জখম হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, শশাঙ্কশেখর তৃণমূলের সময় অনেক অত্যাচার করেছে। তাই তাঁকে এলাকায় ঢুকতে দেয়া যাবে না। 

এই ঘটনায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলা বিজেপির তরফ থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


Share