West Bengal Budget 2026

শিল্পের ভাটা মেটাতে বাজেটে পরিকাঠামোয় জোর, পুরুলিয়া, মালদহ, বালুরঘাট পেতে চলেছে নতুন বিমানবন্দর, ঘোষণা রাজ‍্যের অর্থমন্ত্রীর

পাশাপাশি, কলকাতা বিমানবন্দরে ক্রমবর্ধমান যাত্রীচাপ সামাল দিতে শহরের কাছাকাছি আরও একটি নতুন বিমানবন্দর নির্মাণের প্রস্তাবও রাখা হয়েছে।

বালুরঘাট বিমানবন্দর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৫:২৮

রাজ্যের যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থায় উন্নয়নের লক্ষ্যে বাজেটে একাধিক বড় পরিকাঠামোয় জোর দিয়েছে সরকার। একাধিক প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট বক্তৃতায় তিনি জানান, উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগ আরও মজবুত করতে বিমান ও মেট্রো পরিষেবার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

এই পরিকল্পনার অংশ হিসেবে পুরুলিয়া, মালদহ এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, কলকাতা বিমানবন্দরে ক্রমবর্ধমান যাত্রীচাপ সামাল দিতে শহরের কাছাকাছি আরও একটি নতুন বিমানবন্দর নির্মাণের প্রস্তাবও রাখা হয়েছে।

বিমান পরিবহণ ব্যবস্থার সম্প্রসারণে হাসিমারা এয়ারবেসের জন্য ২৫ একর জমি বরাদ্দের ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হাসিমারা ও কলাইকুণ্ডা বিমানবন্দরের সম্প্রসারণের কাজ দ্রুত শুরু করার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

শুধু বিমান পরিষেবাই নয়, রাজ্যের শিল্প ও বাণিজ্যকেন্দ্রগুলিতে আধুনিক গণপরিবহণ গড়ে তুলতেও উদ্যোগী সরকার। সেই লক্ষ্যে শিলিগুড়ি, আসানসোল এবং দুর্গাপুরে মেট্রো রেল পরিষেবা চালু করা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত সমীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

সরকারের দাবি, এই সমস্ত প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের পরিবহণ পরিকাঠামো আরও আধুনিক ও গতিশীল হবে। পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের ব্যবধান কমে অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্পায়ন এবং বাণিজ্যিক উন্নয়নও উল্লেখযোগ্য ভাবে ত্বরান্বিত হবে।


Share