Fake Doctor Arrested

ডাক্তারের অস্ত্রোপচারে চার বছরের শিশুর মৃত্যু, বিদেশে পালিয়েও হল না শেষরক্ষা! দিল্লি বিমানবন্দর থেকে আটক ‘ভুয়ো’ চিকিৎসক

NC- চার বছরের শিশুর অস্ত্রোপচারের পর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ‘ভুয়ো’ চিকিৎসক শেখ সাইদুল হককে দিল্লি বিমানবন্দর থেকে আটক করল পুলিশ। মঙ্গলবার দুবাই থেকে দিল্লিতে ফিরতেই তাঁকে আটক করে পুলিশ।

ভুয়ো চিকিৎসক শেখ সাইদুল হক
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ০১:৫০

চার বছরের শিশুর অস্ত্রোপচার। আর তার পরই শিশুর মৃত্যু। ঘটনাটি ঘটেছিল বর্ধমানের নবাব হাট এলাকার এক নার্সিংহোমে। ঘটনায় অভিযুক্ত ‘ভুয়ো’ চিকিৎসককে অবশেষে আটক করল পুলিশ। মঙ্গলবার রাতে দিল্লি বিমানবন্দর থেকে শেখ সাইদুল হক নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। বর্ধমানের নবাবহাট এলাকার একটি হাসপাতালে তিনি শিশুটির অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচারের পরেই শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।

ঘটনার পর থেকেই পুলিশে সাইদুলের খোঁজ চালাচ্ছিল। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তাঁর চিকিৎসক হিসেবে যোগ্যতা ও নথিপত্র নিয়েও প্রশ্ন ওঠে। সাইদুলের ভুয়ো কীর্তিকলাপ প্রকাশ্যে আসে সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর সাইদুল দেশ ছেড়ে দুবাইয়ে চলে গিয়েছিলেন। মঙ্গলবার দুবাই থেকে দিল্লিতে ফেরার পর বিমানবন্দরেই তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বর্ধমান থানার পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার উড়ানে দিল্লি থেকে তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশে পুলিশ রওনা দেয়। রাত দেড়টা নাগাদ তাঁরা কলকাতা বিমানবন্দরে পৌঁছোন তাঁরা। এরপর তাঁকে বর্ধমান থানায় নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

এদিকে, অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড নার্সিং হোম-এর তরফে সাইদুলকে আটক করার ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে। সংগঠনের দাবি, সাইদুলকে প্রথমে তারাই ‘ভুয়ো’ চিকিৎসক হিসেবে চিহ্নিত করেছিল। একইসঙ্গে জ়ুলফিকার-সহ আরও চার জনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আশাবাদী যে, আমাদের পক্ষ থেকে প্রথমে চিহ্নিত করা ভুয়ো চিকিৎসক জ়ুলফিকার এবং আরও চার জন ভুয়ো চিকিৎসককেও শীঘ্রই গ্রেফতার করা হবে।”


Share