Road Accident

নাগরাকাটায় পড়ুয়াবোঝাই ক্যান্টারের ধাক্কায় কাস্টম অফিসে সংঘর্ষ, নিহত ৩ চা শ্রমিক; জখম ১৫ পড়ুয়া

সোমবার বিকেলে ডুয়ার্সের নাগরাকাটার চ্যাংমারি চা বাগান এলাকায় পড়ুয়াবোঝাই একটি ক্যান্টার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা চা শ্রমিকদের ও পরে কাস্টম অফিসে ধাক্কা মারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ডুয়ার্স
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ১২:৫৫

ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগান এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন চা শ্রমিক। গুরুতর আহত হয়েছেন ১৫ জন স্কুলপড়ুয়া। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, স্কুল ছুটির পর পড়ুয়াদের নিয়ে বাড়ি ফেরার পথে একটি ক্যান্টার গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি প্রথমে রাস্তার পাশে বসে থাকা চা শ্রমিকদের ধাক্কা মারে। পরে সোজা গিয়ে ধাক্কা মারে কাস্টম অফিসে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত শ্রমিক ও পড়ুয়াদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভুটান সীমান্ত লাগোয়া চ্যাংমারি ডুয়ার্সের অন্যতম বড় চা বাগান। সেখানে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। বাগানের ভেতরেই রয়েছে চ্যাংমারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়। রোজকার মতো সোমবারও স্কুল ছুটির পর পড়ুয়াদের ক্যান্টার গাড়িতে তুলে বিভিন্ন শ্রমিক মহল্লায় পৌঁছে দেওয়ার কাজ চলছিল।

জানা গিয়েছে, আপার চ্যাংমারির ডিপালাইন এলাকায় কয়েকজন পড়ুয়াকে নামিয়ে দিয়ে গাড়িটি নেপালি লাইন পেরিয়ে গোদি লাইন শ্রমিক মহল্লার দিকে এগোচ্ছিল। ওই সময় কাজ সেরে বায়োমেট্রিক হাজিরার অপেক্ষায় রাস্তার পাশে বসেছিলেন একদল চা শ্রমিক। গোদি লাইনের কাছেই রয়েছে চা বাগানের দফতর ও কাস্টম অফিস। অভিযোগ, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে থাকা ক্যান্টারটি বসে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়। পরে সরাসরি কাস্টম অফিসে ধাক্কা মারে ।

ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুই চা শ্রমিক। মৃতদের নাম হরিলাল কাছুয়া এবং সুরজ ওরাও। গুরুতর আহত অবস্থায় শ্রমিক ও স্কুলপড়ুয়াদের দ্রুত চা বাগান কর্তৃপক্ষের সহায়তায় লুকসান ও শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুল্কাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিত সোরেন নামে আরও এক চা শ্রমিকের মৃত্যু হয়। আহত ১৫ জন পড়ুয়ার মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহত পড়ুয়া ও শ্রমিকদের শুল্কাপাড়া ও লুকসান হাসপাতালে চিকিৎসা চলছে।

এই ঘটনার পর চা বাগানে স্কুলপড়ুয়াদের যাতায়াতের সুরক্ষা ও পরিবহণ ব্যবস্থা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে। কেন স্কুলবাসের বদলে ক্যান্টার গাড়িতে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

স্থানীয় বাসিন্দা অমরনাথ ঝা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা পুলিশ খতিয়ে দেখছে।” খবর পেয়ে ঘটনাস্থলে যান মালবাজারের এসডিপিও সুদীপ্ত সরকার এবং নাগরাকাটা থানার পুলিশ। ঘাতক ক্যান্টারটি আটক করা হয়েছে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share