Tea’sta Fest

নতুন রূপে দার্জিলিং পুলিশের ‘টি’ ফেস্ট, এ বার নাম ‘Tea’sta Fest’, পাহাড়ের প্রতিটি মহকুমায় ছড়িয়ে পড়বে উৎসব

গত কয়েক বছর ধরে আয়োজিত এই উৎসবের নাম বদলে রাখা হয়েছে ‘Tea’sta Fest’। শুধু দার্জিলিং শহর নয়, এ বার পাহাড়ের প্রতিটি মহকুমায় ছড়িয়ে পড়বে এই উৎসব।

Tea’sta Fest
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ০৯:১২

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আমলে আরও বড় আকার নিতে চলেছে দার্জিলিং পুলিশের উদ্যোগে আয়োজিত ‘মেলো টি ফেস্ট’। গত কয়েক বছর ধরে আয়োজিত এই উৎসবের নাম বদলে রাখা হয়েছে ‘Tea’sta Fest’। শুধু দার্জিলিং শহর নয়, এ বার পাহাড়ের প্রতিটি মহকুমায় ছড়িয়ে পড়বে এই উৎসব।

২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রথমবার এই উৎসবের সূচনা হয়েছিল। তখন এটি ছিল মূলত পুলিশের কমিউনিটি-পুলিশিংয়ের একটি ছোট উদ্যোগ। কয়েক দিনের রক ব্যান্ডের অনুষ্ঠান, চা এবং মাদকবিরোধী প্রচারকে কেন্দ্র করে চৌরাস্তা এলাকায় আয়োজন করা হয়েছিল এই উৎসবের। পরবর্তী দু'টি সংস্করণে ধীরে ধীরে দার্জিলিংয়ের শীতকালীন উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এটি। তবে এবছর আর শুধু একটি নির্দিষ্ট চত্বরের মধ্যে সীমাবদ্ধ থাকছে না এই উৎসব।

এবছর ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন ধরে চলবে মূল উৎসব। গতবারের তুলনায় একদিন বেশি। দার্জিলিং মলের পাশাপাশি লেবংয়ের গোর্খা স্টেডিয়ামেও হবে বিভিন্ন অনুষ্ঠান। এ ছাড়াও, দার্জিলিং ও কালিম্পং জুড়ে চলবে একাধিক প্রতিযোগিতা।

মূল উৎসবের আগে চারটি প্রাক্‌-উৎসবের আয়োজন করা হয়েছে। ১৫ নভেম্বর মিরিকে, ২২ নভেম্বর কার্শিয়াংয়ে, ২৯ নভেম্বর কালিম্পংয়ে এবং ৬ ডিসেম্বর দার্জিলিংয়ে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানগুলি।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ম্যারাথনে অংশ নেওয়ার জন্য প্রায় ৪ হাজার প্রতিযোগী নাম নথিভুক্ত করেছেন। রক ব্যান্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছে প্রায় ৯০টি ব্যান্ড। এর মধ্যে নেপালেরও কয়েকটি ব্যান্ড রয়েছে।

এ বার প্রথমবারের জন্য আয়োজন করা হচ্ছে একক সঙ্গীত প্রতিযোগিতা ‘D-Rising Stars’। পাহাড়ের প্রতিভাবান শিল্পীদের সামনে তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। ইতিমধ্যেই ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানাস্তরে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর হয়েছে জোনাল ফাইনাল। আগামী ৯ ডিসেম্বর মূল উৎসবের মঞ্চে লাইভ ব্যান্ডের সঙ্গে পারফর্ম করবেন বিজয়ীরা।

উত্তরবঙ্গের আইজি (পুলিশ) সুকেশ জৈন জানিয়েছেন, এই উৎসবের ব্যাপ্তি এবার অনেকটাই বড় হতে চলেছে। তাঁর কথায়, “এই উৎসব বিশাল আকার নিতে চলেছে। এর আগে এত বড় পরিসরে এমন আয়োজন করা হয়নি।”

শুধু সঙ্গীত নয়, পাহাড়ের সংস্কৃতি ও প্রতিভাকে তুলে ধরতে একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রক ব্যান্ড প্রতিযোগিতায় নেপালি ও ইংরেজি—দু'টি পৃথক বিভাগ থাকছে। ২৮ নভেম্বর চূড়ান্ত প্রতিযোগীদের নাম ঘোষণা করা হবে। ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

‘নেশামুক্ত পাহাড়’ বা ‘Nasha Mukt Pahad’ স্লোগানকে সামনে রেখে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৪ থেকে ২২ নভেম্বর পর্যন্ত থানাস্তরে প্রতিযোগিতা হয়েছে। ২৫ নভেম্বর থেকে শুরু হবে নকআউট পর্ব। ৬ ডিসেম্বর দার্জিলিংয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

স্কুলের ব্রাস ও পাইপ ব্যান্ড প্রতিযোগিতার সেমিফাইনাল ৫ ডিসেম্বর কালিম্পং ও দার্জিলিংয়ে অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর হবে ফাইনাল। ১১ ডিসেম্বর আয়োজন করা হয়েছে মাউন্টেন বাইক রেসের। এছাড়া ১০ ও ১১ ডিসেম্বর দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় হবে পাখি পর্যবেক্ষণের বিশেষ ট্রেইল।

দার্জিলিং পুলিশের ঐতিহ্যবাহী হিল ম্যারাথন অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। চা বাগানের বাসিন্দাদের জন্য থাকছে অফলাইন রেজিস্ট্রেশনের পৃথক ব্যবস্থা।

‘D-Hike’-এর মাধ্যমে দার্জিলিংকে ভারতের ‘হাইকিং ক্যাপিটাল’ হিসেবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ও মিরিক জুড়ে বিভিন্ন হাইকিং ট্রেইলের আয়োজন করা হবে।

অন্য দিকে, ‘D-Create’-এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার এবং ডিজিটাল স্টোরিটেলারদের জন্য চৌরাস্তায় মঞ্চ তৈরি করা হবে। পাঁচ দিন ধরেই চলবে এই আয়োজন।

তরুণ উদ্যোগপতিদের উৎসাহিত করতে থাকছে ‘D-Startup’। ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তরুণ উদ্যোক্তাদের বিনামূল্যে স্টল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উৎসবের ওয়েবসাইট অনুযায়ী, বিভিন্ন প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ৪০ লক্ষ টাকারও বেশি। উৎসবের মূল থিম রাখা হয়েছে ‘Tea, Tunes & Strings’। পাশাপাশি রয়েছে ‘Run the race, defeat the chase’ স্লোগান। এর মাধ্যমে মাদকবিরোধী বার্তাকে আরও জোরালো করে তুলে ধরতে চাইছেন আয়োজকরা। আয়োজকদের বক্তব্য, মাদকমুক্ত পাহাড় গড়ে তোলাই এই উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য।

বঙ্গ পুলিশ, রাজ্যের পর্যটন দফতর এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। আয়োজক হিসেবে থাকছে দার্জিলিং ও কালিম্পং জেলা পুলিশ।

আগামী ৯ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক আয়োজকের কথায়, “মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি জানিয়েছেন। তিনি তিন ঘণ্টা আমাদের সঙ্গে থাকবেন।” ২২ নভেম্বর কার্শিয়াংয়ে আয়োজিত প্রাক্‌-উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

দার্জিলিংয়ের অর্থনীতি মূলত পর্যটন ও চা শিল্পের উপর নির্ভরশীল। কিন্তু গত কয়েক বছরে এই দুই ক্ষেত্রই নানা সমস্যার মুখে পড়েছে। অনিয়মিত আবহাওয়া, শ্রমিকের অভাব এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে গত বছর চা উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে।

অন্য দিকে, ২০২৫ সালের অক্টোবর মাসে মিরিক ও সংলগ্ন এলাকায় ভয়াবহ ধসের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। এমন পরিস্থিতিতে ডিসেম্বরের প্রথমার্ধে এই উৎসবের আয়োজন পর্যটন শিল্পের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

উৎসবের জেরে হোটেল, হোমস্টে এবং ক্যাফেগুলিতে পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করছেন আয়োজকরা। পরিকল্পনার সঙ্গে যুক্ত এক আধিকারিকের কথায়, “এই অনুষ্ঠান স্থানীয় ব্যবসা এবং বাসিন্দাদের আত্মবিশ্বাস বাড়াবে। পাশাপাশি পর্যটন শিল্পকেও আরও চাঙ্গা করবে।”

পাহাড়ের উৎসব শেষ হওয়ার পর সমতলের মানুষের জন্য শিলিগুড়িতেও পৃথক সংস্করণের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দার্জিলিংয়ের চা এবং পাহাড়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে একসূত্রে বেঁধে নতুন নামকরণ করা হয়েছে ‘Tea’sta Fest’। আয়োজকদের আশা, এই উৎসবের মাধ্যমে পাহাড়ের সংস্কৃতি, প্রতিভা ও পর্যটনকে জাতীয় স্তরে আরও বেশি করে তুলে ধরা সম্ভব হবে।


Share