Earthquake

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, রিখটার স্কেলে মাত্রা ৫.৩

মঙ্গলবার সকাল ৭টা নাগাদ পরপর দু’দফায় কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। কেঁপে ওঠে প্রতিবেশী সিকিমও।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ০৯:৪২

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ পরপর দু’দফায় দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে প্রতিবেশী সিকিমও। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কোশী অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। সিকিমের কাছাকাছি হওয়ায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় কম্পন টের পাওয়া যায়। নেপালের এই ভূমিকম্পের প্রভাব পড়ে বিহার, ভুটান এবং বাংলাদেশের কয়েকটি এলাকাতেও।

সকালে আচমকা মাটি কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। যাঁরা প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন কিংবা মাঠে শরীরচর্চা করছিলেন, তাঁরাও কম্পন অনুভব করেন। আতঙ্কিত হয়ে শিলিগুড়ি ও জলপাইগুড়ির বহু বাসিন্দা বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বরও ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। সে বারও কম্পনের উৎসস্থল ছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। ভোরের সেই ভূমিকম্পে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ সিকিম ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। দু’সপ্তাহের ব্যবধানে ফের নেপালে ভূমিকম্প হওয়ায় উদ্বেগ বেড়েছে উত্তরবঙ্গের বাসিন্দাদের মধ্যে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


Share