Huge Explosive Seized

বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন মিসাইল প্রপেল্যান্ট তৈরির রাসায়নিক! ইন্দোনেশিয়ায় আটক MV Star Line, উদ্ধার লক্ষ লক্ষ সিম কার্ড

গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমোরোসের পতাকাবাহী MV Star Line নামের জাহাজটিকে ইন্দোনেশিয়ার নৌবাহিনী আটক করে। গত শুক্রবার বেলাওয়ানে এক সাংবাদিক সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রেয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা অভিযানের বিষয়ে বিস্তারিত ভাবে জানান।

বাংলাদেশগামী জাহাজ থেকে উদ্ধার বিস্ফোরক।
নিজস্ব সংবাদদাতা, আন্তর্জাতিক ডেক্স
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ০১:০৬

বাংলাদেশের উদ্দেশে যাত্রা করা একটি বিদেশি পণ্যবাহী জাহাজ থেকে ৪০৫ টন Sodium Perchlorate নামে বিশেষ রাসায়নিক উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। এই রাসায়নিক রকেট ও মিসাইলের প্রপেল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি, নির্দিষ্ট ধরনের বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। শুধু রাসায়নিকই নয়, জাহাজটি থেকে লক্ষ লক্ষ 4G LTE সিম কার্ডও উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সামুদ্রিক পরিবহণ, রাসায়নিকের প্রকৃত মালিকানা এবং সম্ভাব্য বাংলাদেশি আমদানিকারককে ঘিরে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।

গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমোরোসের পতাকাবাহী MV Star Line নামের জাহাজটিকে ইন্দোনেশিয়ার নৌবাহিনী আটক করে। গত শুক্রবার বেলাওয়ানে এক সাংবাদিক সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রেয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা অভিযানের বিষয়ে বিস্তারিত ভাবে জানান।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী, KRI Sigalu-857 নামের টহল জাহাজের সদস্যেরা MV Star Line-এর অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেন। জাহাজটি নির্ধারিত পথের বাইরে চলাচল করছিল। তা নিয়ে নৌবাহিনীর রেডিয়ো মারফত যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু তাঁদের কোনও জবাব দেয়নি বলে অভিযোগ। বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার অজুহাতে জাহাজটির অবস্থান নিয়ে সন্দেহ তৈরি হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

৩৬টি কনটেইনারে কী ছিল?

জাহাজটিতে মোট ৩৬টি কন্টেইনার ছিল। তার মধ্যে থাকা ১৫টি কন্টেইনার থেকে ৪০৫ টন Sodium Perchlorate উদ্ধার করা হয়। পাশাপাশি ৫৪টি প্যালেটে বিপুল সংখ্যক ফাঁকা 4G LTE সিম কার্ড পাওয়া যায়।

Sodium Perchlorate (NaClO₄) একটি শক্তিশালী অক্সিডাইজার। এটি নিজে বিস্ফোরক নয়, তবে অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়ে নির্দিষ্ট রাসায়নিক প্রক্রিয়ায় রকেট ও মিসাইলের প্রপেল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। কিছু বিস্ফোরক তৈরিতে Sodium Perchlorate ব্যবহার করা হয়। এ ছাড়াও, ওষুধ শিল্প, গবেষণাগার ও বিভিন্ন শিল্পক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কমান্ডারের দাবি, উদ্ধার হওয়া রাসায়নিকের পরিমাণ দিয়ে প্রায় ১০০টি মিসাইলের প্রপেল্যান্ট তৈরির উপাদান পাওয়া যেতে পারে। তবে এটা সম্ভাব্য হিসাব বলে দাবি করেন তিনি।

চিন থেকে মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা?

আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম VesselFinder ও MarineTraffic-এ MV Star Line-এর গন্তব্য হিসেবে বাংলাদেশের মোংলা বন্দরের দিকে যাচ্ছিল।  চিনের Lianyungang বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করেছিল। তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর দুপুরে মোংলা বন্দরে জাহাজটির পৌঁছোনোর কথা ছিল। কিন্তু তার আগেই ইন্দোনেশিয়ার বেলাওয়ান উপকূলে সেটিকে আটক করা হয়।

যদিও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর বিবৃতিতে জাহাজটি কোথায় যাচ্ছিল, সেটি বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল কি না তা উল্লেখ করা হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম জাহাজটি বাংলাদেশগামী ছিল বলে দাবি করা হয়েছে।

মোংলা কাস্টমসে নেই কোনও আমদানি নথি

গতকাল, সোমবার The Daily Star-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মোংলা কাস্টমস হাউসের কাছে MV Star Line-এর কোনও তথ্য নেই। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সার্ভারে জাহাজটির নামে কোনও Import General Manifest বা IGM জমা পড়েনি। মোংলা কাস্টমস হাউসের কমিশনার মহম্মদ গিয়াস কামাল জানিয়েছেন, জাহাজটির কোনও তথ্য তাঁদের কাছে নেই। এমনকী, জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কে, সেটিও তাঁরা নিশ্চিত করতে পারেননি।

Import General Manifest বা IGM হল, জাহাজে থাকা পণ্য, আমদানিকারক এবং সংশ্লিষ্ট চালানের গুরুত্বপূর্ণ বিবরণসম্বলিত একটি নথি। যা বাধ্যতামূলক। বাংলাদেশের কাস্টমস আইনের অধীনে নির্ধারিত সময়ে এই নথি জমা দেওয়ার কথা। এমন কোনও নথি জমা পড়েনি বলে দাবি করা হয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, কাস্টমসের IGM না থাকার অর্থ জাহাজটি কখনও বাংলাদেশে আসার জন্য নির্ধারিত ছিল না, এমনটা নয়। বরং এর অর্থ—সেই গন্তব্যের পক্ষে এখনও কোনও সংশ্লিষ্ট কাস্টমস নথি পাওয়া যায়নি। এর ফলে আন্তর্জাতিক ট্র্যাকিং প্ল্যাটফর্মে মোংলা বন্দরের নাম থাকলেও বাংলাদেশের কাস্টমসের কাছে সংশ্লিষ্ট আমদানির কোনও নথি না থাকায় জাহাজটির প্রকৃত গন্তব্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বাংলাদেশের ১৬ বছরের আমদানির তুলনায় ৫৯১ গুণ বেশি

The Daily Star-এর প্রতিবেদনে বাংলাদেশের NBR-এর তথ্য উদ্ধৃত করে আরও একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারি ২০১০ থেকে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ মোট ৫০টি চালানে মাত্র ৬৮৫ কেজি Sodium Perchlorate আমদানি করেছে। এই আমদানির সঙ্গে ২০ জন আমদানিকারক যুক্ত ছিল।

অন্য দিকে, ইন্দোনেশিয়ায় আটক জাহাজে পাওয়া গেছে ৪০৫ টন, অর্থাৎ ৪ লক্ষ ৫ হাজার কেজি রাসায়নিক। অর্থাৎ গত ১৬ বছর ১০ মাসে বাংলাদেশের মোট আমদানির তুলনায় আটক রাসায়নিকের পরিমাণ প্রায় ৫৯১ গুণ।

NBR-এর তথ্য অনুযায়ী, ৫০টি চালানের মধ্যে ৩০টিতে দু’কেজি বা তারও কম রাসায়নিক আমদানি করা হয়েছিল। গত ২০২২ এবং ২০২৪ সালে সর্বোচ্চ দুটি চালানে ৯৯ কেজি করে আমদানি হয়েছিল। এই চালানগুলি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে এসেছিল। অধিকাংশ আমদানিকারক ছিল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছিল বলে দাবি করা হয়েছে।

জাহাজের নথিপত্রেও অসংগতি

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর তদন্তে জাহাজটির নিবন্ধন ও পরিবহণ সংক্রান্ত নথিপত্রে অসংগতি ধরা পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাহাজটির IMO নম্বর 8356962। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষের বক্তব্য, নথিতে নিবন্ধনের বৈধতার সময়সীমা ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত দেখানো হলেও নিবন্ধনের বর্তমান অবস্থা সাসপেন্ড ছিল। জাহাজটির মালিকানা, পরিচালনাকারী প্রতিষ্ঠান, বিপজ্জনক রাসায়নিক পরিবহণের অনুমতি এবং পণ্য ঘোষণার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তাঁরা।

The Maritime Executive-এর প্রতিবেদনে Equasis-এর তথ্য উদ্ধৃত করে জাহাজটির মালিকানা ও ব্যবস্থাপনার সঙ্গে দুবাই এবং হংকং-ভিত্তিক প্রতিষ্ঠানের সংযোগের কথা উল্লেখ করা হয়েছে। তবে এই প্রতিষ্ঠানগুলির কোনওটিকেই এখনও উদ্ধার হওয়া রাসায়নিকের মালিক হিসেবে চিহ্নিত করা হয়নি বলেও সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লক্ষ লক্ষ সিম কার্ডের রহস্য

ওই জাহাজ থেকে বিপুল সংখ্যক ফাঁকা 4G LTE সিম কার্ড উদ্ধার। সেখান থেকে মোট ৫৪টি প্যালেট উদ্ধার করা হয়েছে। সেই সিম কার্ডগুলি এই প‍্যাকেটের মধ্যেই রাখা ছিল। সিম কার্ডগুলি কোন দেশের টেলিকম নেটওয়ার্কের জন্য তৈরি হয়েছিল, কোন সংস্থার অর্ডারে সেগুলি পাঠানো হচ্ছিল এবং সম্ভাব্য গ্রাহক কারা ছিলেন, সে সম্পর্কে এখনও নিশ্চিত নয়। সিম কার্ডগুলির উৎপাদনকারী প্রতিষ্ঠান, ICCID নম্বর, সরবরাহকারী এবং চূড়ান্ত গ্রাহকের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তদন্তে এখন নজর কোথায়?

ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, জাহাজটির ক্যাপ্টেন ও ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পণ্য পরিবহণের নথি, রাসায়নিকের উৎস, অনুমতিপত্র এবং চূড়ান্ত প্রাপকের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও যুক্ত হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার একাধিক প্রশ্ন উঠছে।


Share