Molestation

ভাতারে আট বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, সরব অভিষেক, বিজেপি শাসনে ‘জঙ্গলরাজ’, দাবি তৃণমূল সাংসদের

ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নিজের এক্স হ্যান্ডলে ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যে বিজেপি সরকারের আমলে জঙ্গলরাজ চলছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ভাতার
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০৮:৩৫

ফের সামনে এল ধর্ষনের ঘটনা। পূর্ব বর্ধমানের ভাতারে আট বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম রানা মণ্ডল (২৬)। ঘটনার পর পুলিশ তাঁকে আটক করেছে। অন্যদিকে, অসুস্থ অবস্থায় নির্যাতিতাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার শারীরিক পরীক্ষাও করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নিজের এক্স হ্যান্ডলে ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যে বিজেপি সরকারের আমলে জঙ্গলরাজ চলছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

সোমবার ভাতার থানার অন্তর্গত একটি গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য শিশুদের সঙ্গে আট বছরের মেয়েটি খেলছিল। সেই সময়ই তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে মাঠের মধ্যে একটি বাগানে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটি এক দুঃসম্পর্কের দাদুর নজরে আসতেই তিনি ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

শিশুটিকে উদ্ধার করে কালীমন্দিরের সামনে নিয়ে আসার পর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের গোটা বিষয়টি জানান ওই ব্যক্তি। এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেন। প্রথমে নির্যাতিতাকে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

শিশুটিকে উদ্ধার করা ওই দুঃসম্পর্কের দাদু জানান, মাঠের মাঝখানে একটি বাগানে বেলপাতা পাড়তে গিয়েছিলেন তিনি। সেই সময়ই তাঁর চোখে পড়ে, রানা শিশুটির উপর নির্যাতন চালাচ্ছে। এরপর আর দেরি না করে তিনি মেয়েটিকে উদ্ধার করেন।

নির্যাতিতার বাবা দিনমজুরের কাজ করেন। পাড়ার কালীপুজো উপলক্ষে বাড়ির বাইরে খেলতে গিয়েছিল মেয়েটি। সেখান থেকেই এমন ভয়াবহ ঘটনার শিকার হতে হল তাকে। নির্যাতিতার ঠাকুমার অভিযোগ, সময়মতো প্রতিবেশীর নজরে না পড়লে শিশুটির প্রাণহানিও হতে পারত। অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, নারী ও শিশুদের উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে ভাতারের এই ঘটনা নতুন করে আইনশৃঙ্খলা ও নারী-শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।


Share