Anti Corruption Branch

থানায় আটক করে রাখা গাড়ি ছাড়িয়ে দেওয়ার নামে ঘুষ! এসিবির হাতে গ্রেফতার এন্টালি থানার সার্জেন্ট

লালবাজার সূত্রের খবর, ওই ট্রাফিক সার্জেন্টের গ্রেফতারির বিষয়টি পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। ওই সার্জেন্টকে সাসপেন্ড করা হতে পারে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে বলে জানা যাচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ০৪:০০

আবার ঘুষ নিতে গিয়ে গ্রেফতার পুলিশ আধিকারিক। ওই আধিকারিক এন্টালি থানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। ঘুষ নিয়ে গিয়ে তিনি হাতেনাতে ধরা পড়েন। তাঁকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা। ওই পুলিশ আধিকারিকের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। 

দুর্নীতি দমন শাখার সূত্রের খবর, এন্টালি থানায় একটি গাড়ি আটক করে রাখা হয়েছিল। ওই গাড়ি চালকের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। গাড়িটি কলকাতার এক বাসিন্দার বলে জানা গিয়েছে। অভিযোগ, এন্টালি থানায় কর্মরত এক ট্রাফিক পুলিশের সার্জেন্ট গাড়িটি ছাড়িয়ে দেওয়ার নাম করে ঘুষ চায়। ১০ হাজার টাকা দাবি করে। এর পরে গাড়ির মালিক রাজ‍্য দুর্নীতি দমন শাখার কাছে দ্বারস্থ হন। 

তার পরেই ওই সার্জেন্টকে ধরতে ফাঁদ পাতা হয়। সোমবার সকালে গাড়ির মালিককে কাজে লাগিয়ে এন্টালি থানায় ওই সার্জেন্টকে টাকা দেওয়ার জন‍্য তাঁকে পাঠায়। ১০ হাজার টাকা ওই সার্জেন্টকে দেওয়ার সময় হাতেনাতে ওই সার্জেন্টকে এসিবি-র আধিকারিকেরা ধরে ফেলেন। টাকায় রাসায়নিক মেশানো ছিল। জলে হাত ডোবাতেই রঙ পরিবর্তন হয়ে যায়। তার পরেই ওই সার্জেন্টকে গ্রেফতার করা হয়।

লালবাজার সূত্রের খবর, ওই ট্রাফিক সার্জেন্টের গ্রেফতারির বিষয়টি পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। ওই সার্জেন্টকে সাসপেন্ড করা হতে পারে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে বলে জানা যাচ্ছে। 

গত সপ্তাহে গোয়ালপোখর থানার এক সাব ইনস্পেক্টরকে ঘুষের টাকা নেওয়ার সময় গ্রেফতার করা হয়। সে ক্ষেত্রেও ফৌজদারি মামলায় অভিযুক্তকে গ্রেফতার করবে বলে অভিযোগকারীর কাছ থেকে টাকা নিয়েছিলেন। টাকা না পেলে অভিযুক্তকে গ্রেফতার করা হবে না বলেও জানানো হয়। তাঁকেও হাতেনাতে দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করেছে বলে এসিবি জানিয়েছে। 


Share