Liquor Shops Looted

একাধিক দোকান থেকে মদ চুরি করে বোতল নিয়ে পুকুরপাড়ে ‘পার্টি’ করে চম্পট দিল চোরের দল, শোরগোল মেমারিতে

সিসি ক্যামেরায় তা ধরা পড়েছে বলেও দাবি করেছে দোকান মালিক। এমনকী, পাশে থাকা একটি স্টেশনারি দোকানও চুরির ঘটনা ঘটেছে। ওই দোকানের পাশে থাকা একটি ফলের দোকান থেকে ফল-খেজুর-কিসমিস লুট করে নিয়ে চম্পট দেয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মেমারি
  • শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ০৯:৫০

একের পর এক মদের দোকানে চুরি। এমনকী, পাশের একাধিক সব্জির দোকান থেকে ফল-খেজুরও চুরি করা হয়েছে। তা নিয়ে পুকুরপাড়ে বসে রাতভর পার্টি করে চম্পট দিল চোরের দল। ঘটনায় মেমারিতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি নেশার জন‍্য নাকি চোরেদের সংঘটিত সিন্ডিকেট তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। রাতে পুলিশের নজরদারির অভাব রয়েছে বলে ব‍্যবসায়ীরা দাবি করেছে।

মঙ্গলবার গভীর রাতে পূর্ব বর্ধমানের মেমারি স্টেশন রোডে মদের দোকানে চুরির ঘটনা ঘটেছে। অন্তত দু’টি দোকানে এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। রাত ২টো নাগাদ ওই দু’টি দোকানের তালা ভাঙা হয়। তার পর চোরেরা দোকানের ভিতরে থাকা মদের বোতল চুরি করে। ক‍্যাশ বাক্সতে থাকা লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয়। সিসি ক্যামেরায় তা ধরা পড়েছে বলেও দাবি করেছে দোকান মালিক। এমনকী, পাশে থাকা একটি স্টেশনারি দোকানও চুরির ঘটনা ঘটেছে। ওই দোকানের পাশে থাকা একটি ফলের দোকান থেকে ফল-খেজুর-কিসমিস লুট করে নিয়ে চম্পট দেয়।

তার পরে পুকুরপাড়ে বসে বোতল নিয়ে ‘পার্টি’ করে। পুকুরপাড় থেকে কিসমিসের জার, ফলের খোসা এবং দোকান থেকে চুরি হওয়া মদের বোতল উদ্ধার হয়। তার পরেই এলাকায় শোরগোল পড়ে যায়। ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দোকান মালিকেরা মেমারি থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে চুরির সময় কতজন ছিল তা নিয়ে পুলিশ কিছু আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

মেমারি স্টেশন রোডের একটি মদের দোকানের মালিক কিশোর সাধুখাঁ বলেন, “রাত প্রায় ২টো নাগাদ দোকানের পিছনের দরজা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। দোকানের ক্যাশ বাক্সে রাখা প্রায় এক লক্ষ টাকা এবং মদের বোতল নিয়ে চম্পট দেয় তারা।” ওই এলাকারই অন্য একটি মদের দোকানের ম্যানেজার সৌম্যনীল বসু জানান, “দোকানের তালা ভেঙে প্রায় তিন লক্ষ টাকা লুট হয়েছে। বেশ কয়েকটি মদের বোতল চুরি করা হয়ে গিয়েছে।”

পাশের স্টেশনারি দোকানের মালিক সমীর মণ্ডল বলেন, “তাঁর দোকানের শাটার ভাঙা হয়েছে। দোকানে থাকা প্রায় ৩০ হাজার টাকা নগদ এবং বেশ কিছু সামগ্রী নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে।”

অন্য দিকে, স্টেশন রোডের ফল ব্যবসায়ী শম্ভু সাউ জানান, তাঁর দোকান থেকে কিসমিস ও খেজুরের কয়েকটি জার লুট করে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকালে স্থানীয় একটি পুকুরপাড় থেকে কিসমিসের জারটি উদ্ধার করেন তিনি।”
স্থানীয়দের বক্তব্য, মদের দোকান থেকে বোতল চুরির পর পুকুরপাড়ে বসে মদ্যপানের জন্যই ফলের দোকান থেকে কিসমিস ও খেজুর নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

শহরের প্রাণকেন্দ্রে এই মেমারি স্টেশন সংলগ্ন এলাকা। প্রতিদিন হাজার হাজার যাত্রী এখান দিয়ে যাতায়াত করেন। গভীর রাতে পর পর একাধিক দোকানে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও রাতের পুলিশের নজরদারি অভাব রয়েছে। পুলিশের নজরদারি জোরদার করার দাবি করেন তাঁরা।


Share