Kolkata Municipal Corporation

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি ঘিরে বিতর্ক, প্রতিবাদে পুর কমিশনারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত তৃণমূলের

তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ের মতে, কলকাতা পুরসভার ইতিহাসের সঙ্গে সাভারকরের কোনো যোগসূত্র না থাকায় তাঁর ছবি রাখা অনুচিত। এর প্রতিবাদে তৃণমূলের কাউন্সিলররা সম্মিলিতভাবে পুর কমিশনারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কলকাতা পুরসভায় কাউন্সিলর ক্লাব রুমে টাঙ্গানো হল ছবি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ০৩:৫৭

রাস পূর্ণিমার ছুটির দিনে কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাব রুমের চিত্র বদল। টাঙানো হল বিনায়ক দামোদর সাভারকরের ছবি। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও রানি লক্ষ্মীবাঈ-সহ একাধিক ব্যক্তিত্বের ছবির পাশে সাভারকরের ছবি জায়গা পাওয়ায় ক্ষুব্ধ মমতা তৃণমূলের কাউন্সিলররা। এই ঘটনার প্রতিবাদে তাঁরা পুর কমিশনারকে সম্মিলিতভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার রাস পূর্ণিমা উপলক্ষে পুরসভার দফতর বন্ধ ছিল। সেই সুযোগেই পুরসভার দোতলার কাউন্সিলরস ক্লাবের দেওয়ালে নতুন করে বেশ কিছু ছবি বসানো হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,  বিআর আম্বেদকর- সহ বীরেন্দ্র শাসমল, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, রানা প্রতাপ, বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে। ত তারই মধ্যে স্থান পেয়েছে সাভারকরের ছবিও। উল্লেখ্য, কাউন্সিলরস ক্লাব চত্বরে যেমন কাউন্সিলরদের ব্যক্তিগত দফতর রয়েছে, তেমনই এখানেই নিয়মিত সাংবাদিক বৈঠকও হয়।

রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা তুলে ধরতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে কলকাতা পুরসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশাপাশি রানি লক্ষ্মীবাঈ-সহ আরও কয়েকজনের ছবি বসানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু সেই তালিকায় সাভারকরের নাম ছিল কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে।

সাভারকরের ছবি বসানো নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মমতা তৃণমূলের কাউন্সিলর তথা আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি বলেন, পুরসভার সঙ্গে সাভারকরের কোনও যোগসূত্র নেই। পুরসভার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা বহু বিশিষ্ট মানুষের বদলে কেন তাঁর ছবি রাখা হবে, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বৈশ্বানরবাবুর কথায়, সাভারকরের অতীত ব্রিটিশদের কাছে মুচলেকা দেওয়ার ইতিহাস, যা তাঁর মতে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি বসানো নিয়ে আলাদা অবস্থান নিয়েছেন তিনি। বৈশ্বানর চট্টোপাধ্যায় জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তাঁর ছবি থাকা নিয়ে আপত্তি নেই। কিন্তু সাভারকরের ছবি নিয়ে তাঁদের প্রবল আপত্তি রয়েছে। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের পক্ষ থেকে সব কাউন্সিলর মিলে পুর কমিশনারকে একটি চিঠি দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

সব মিলিয়ে, পুরভোটের আগে কলকাতা পুরসভার অন্দরমহলে সাভারকরের ছবিকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল।


Share