Calcutta High Court

হাওড়া পুরভোট নিয়েও আইনি জট! ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে কমিশনকে সতর্ক করল হাই কোর্ট

সোমবার বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চ জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানির আগেই ভোটের দিনক্ষণ ঘোষণা করা হলেও মামলার নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের নির্দেশই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ০৯:৫৮

হাওড়া পুরসভার ভোট নিয়েও আইনি জটিলতা তৈরি হল। ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চ জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানির আগেই ভোটের দিনক্ষণ ঘোষণা করা হলেও মামলার নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের নির্দেশই চূড়ান্ত বলে বিবেচিত হবে। অর্থাৎ, ভোট ঘোষণা হয়ে গেলেও পরবর্তী সময়ে আদালত যে নির্দেশ দেবে, তা কার্যকর করতে হবে নির্বাচন কমিশনকে। তবে এ দিন ভোট ঘোষণার উপর কোনও স্থগিতাদেশ জারি করেনি আদালত।

হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বিধানসভা নির্বাচনে মধ্য হাওড়ার প্রার্থী ইমতিয়াজ আহমেদ। সোমবার বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে মামলাটির শুনানি হয়। মামলাকারীর অভিযোগ, নির্ধারিত নিয়ম মেনে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়নি। সম্প্রতি রাজ্য বিধানসভায় হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাশ হয়েছে। এই পুনর্বিন্যাস প্রক্রিয়ার বৈধতা নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ১ ডিসেম্বর।

অন্যদিকে, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও আইনি জটিলতা অব্যাহত। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ১১ সেপ্টেম্বর হাই কোর্টে মামলা করেন সিপিএম নেত্রী দীপু দাস। গত ৬ নভেম্বর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার ভোট ঘোষণা করা যাবে না। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

সোমবারই শীর্ষ আদালতে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে প্রশ্ন ওঠে, কলকাতা পুরসভায় বর্তমানে কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নেই এবং পুরসভাটিও ভেঙে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে নির্বাচিত পুরসভার অস্তিত্ব না থাকলে সংশ্লিষ্ট সংস্থার সুপারিশের ভিত্তিতে কী ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা সম্ভব? কলকাতা পুরসভার মামলা যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, তখন হাওড়া পুরসভার ভোট নিয়েও হাই কোর্টের সতর্কবার্তা নতুন করে অনিশ্চয়তা তৈরি করল। ফলে কলকাতা ও হাওড়া—দুই পুরসভার ভোটের ভবিষ্যৎই এখন আদালতের পরবর্তী নির্দেশের উপর নির্ভর করছে।


Share