Bratya Basu

ফের বিতর্কে ব্রাত্য বসু! বাংলা অকাদেমির পুরস্কার ও বই ছাপায় দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ অবসরপ্রাপ্ত বিচারপতির

বাংলা অকাদেমির চেয়ারম্যান পদে থাকার সময় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু একাধিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনে এই মর্মে অভিযোগ জমা পড়েছে।

ব্রাত্য বসু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ১০:৪৭

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ। এ বার তাঁর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছে। বাংলা অকাদেমির চেয়ারম্যান পদে থাকার সময় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু একাধিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনে এই মর্মে অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে জমা পড়া নথি খতিয়ে দেখেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে খবর।

অভিযোগ, বাংলা অকাদেমির চেয়ারম্যান থাকাকালীন ব্রাত্য বসুর আমলে বিভিন্ন পুরস্কার প্রদান এবং বই ছাপানোর ক্ষেত্রে একাধিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এই সংক্রান্ত বেশ কিছু নথিও কমিশনের দফতরে জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখার পরই কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও একাধিক গুরুতর অভিযোগে নাট্যকার, অভিনেতা তথা রাজনীতিক ব্রাত্য বসুর নাম জড়িয়েছে। দুই মহিলার অভিযোগ, ফোনে তাঁদের কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বদলি-সহ নানা ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তাঁরা। এই ঘটনায় ব্রাত্য বসুর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি, প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে। পুজোর পাস সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই ইন্দ্রনীল গ্রেফতার হয়েছেন।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ব্রাত্য বসু অস্বীকার করেছেন। অভিযোগকারিণীদের একজনকে তিনি চোখেই দেখেননি বলে প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেন। বরং তাঁর পাল্টা অভিযোগ, তাঁকেই কুপ্রস্তাব দিয়েছিলেন ওই মহিলা। ব্রাত্যর কথায়, ‘‘আসলে উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন। আমি তাতে রাজি হইনি। তাই এখন খেপে গিয়ে বলছেন!’’ অভিযোগের সময়কাল নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরই তাঁর নাম এই ঘটনায় জড়ানো হয়েছে। এর পিছনে তিনি ব্যক্তিগত যোগসাজশ ও প্রতিহিংসার সম্ভাবনাও উড়িয়ে দেননি। একই সঙ্গে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন।

এ বার বাংলা অকাদেমির দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ব্রাত্য বসুর বক্তব্য, ‘‘অভিযোগ জমা পড়লে তদন্ত হোক। আমার কোনও অসুবিধা নেই।’’ অর্থাৎ, নতুন অভিযোগের তদন্ত নিয়েও আপত্তি নেই বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।


Share