Murder Case

সামান্য জমির বিবাদ ঘিরে রক্তারক্তি! বাঁশ ও ইট দিয়ে পিটিয়ে মহিলাকে খুনের অভিযোগ, আশঙ্কাজনক মা ও মেয়ে

চার ছটাক জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের দুই ছেলের বিরুদ্ধে। বাঁশ, ইট ও শাবল দিয়ে হামলার অভিযোগে গুরুতর জখম হয়েছেন মৃতার মা ও মেয়ে। পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ঘটনায় অভিযুক্তরা পলাতক।

শক্তিগড় থানা
নিজস্ব সংবাদদাতা, শক্তিগড়
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১১:১৪

জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের ভয়াবহ পরিণতি। সামান্য কয়েক ছটাক জমির দখল নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই আত্মীয়দের বিরুদ্ধে। বাঁশ, ইট ও শাবল দিয়ে তিন মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫ বছরের এক মহিলার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা ও মেয়ে। পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ঘাটশিলা গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম নাসেরা বেগম। এই ঘটনায় তাঁর মেয়ে কিসমাতারা বেগম এবং মা নাজিরা বেগম আহত হয়েছেন। দু’জনেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, নাসেরার স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকেন। মা ও মেয়েকে নিয়ে ঘাটশিলা গ্রামেই নাসেরা থাকতেন। কয়েক বছর আগে আবাস যোজনায় বাড়ি তৈরির অনুমোদন পেলেও নিজের কোনও জমি তাঁর ছিল না। সেই সময় ভাসুরের কাছ থেকে ৬৫ হাজার টাকার বিনিময়ে চার ছটাক জমি কিনেছিলেন বলে দাবি স্থানীয়দের। যদিও জমির রেজিস্ট্রি হয়নি। স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তির মাধ্যমে লেনদেন হয়েছিল।

অভিযোগ, সেই চুক্তিকে মান্যতা না দিয়ে পরবর্তীতে ওই জমি নাসেরার ছোট দেওরের দুই ছেলে চাঁদ শেখ ও ডালিম শেখের কাছে বিক্রি করে দেন তাঁর ভাসুর। এরপর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য নাসেরার উপর চাপ দুই ভাই দিতে শুরু করেন। কিন্তু মা ও মেয়েকে নিয়ে কোথায় যাবেন, সেই প্রশ্ন তুলে জমি ছাড়তে রাজি হননি নাসেরা। তা নিয়েই দু'পক্ষের মধ্যে বিবাদ ক্রমশ বাড়তে থাকে।

পরিস্থিতি সামাল দিতে গত বৃহস্পতিবার গ্রামে সালিশি সভার আয়োজন করা হয়েছিল। তবে তাতেও সমস্যার সমাধান হয়নি। অভিযোগ, শনিবার আচমকাই লোকজন নিয়ে নাসেরার বাড়িতে হামলা চালান চাঁদ ও ডালিম। বাড়িতে ঢুকে নাসেরা, তাঁর মা ও মেয়ের উপর চড়াও হয় অভিযুক্তরা। বাঁশ, ইট ও শাবল দিয়ে তিনজনকে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ।

তাঁদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন নাসেরা বেগমের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় তাঁর মা ও মেয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্ত চাঁদ শেখ, ডালিম শেখ-সহ পরিবারের অন্য সদস্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share