Medical College

হাসপাতালে চত্ত্বরে হকার-ফেরিওয়ালা প্রবেশ এ বার সম্পূর্ণ নিষিদ্ধ! বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ স্বাস্থ্য দফতরের

স্বাস্থ্য দফতর নির্দেশিকা এ-ও বলেছে, এই নির্দেশিকা জারি হওয়ার পরেই ব‍্যবস্থা গ্রহণ করতে হবে। কোনও ভাবেই নির্দেশিকা অমান‍্য করা যাবে না। যদি নির্দেশ অমান্য‍্য করার বিষয়টি দফতরের নজরে আসে তা হলে বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এমনকী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে বলেও মনে করা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ০৭:৫৫

হাসপাতাল, মেডিকেল কলেজ চত্বরে হকার বসানো যাবে না। ফেরিওয়ালাদের অবাধ যাতায়াত বন্ধ করতে হবে। সোমবার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশকা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। বিজ্ঞপ্তি জারি করে হাসপাতাল কর্তৃপক্ষকে এই বিষয়টিকে নিশ্চিত করতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, রোগী নিরাপত্তা, গোপনীয়তা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ করা হয়েছে।

রাজ‍্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে অবাধে হকার, ফেরিওয়ালারা ঘুরে বেড়ান। স্বাস্থ্য ভবন মনে করছে, এমন পরিস্থিতিতে রোগীর পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পাশাপাশি হাসপাতালের সার্বিক নিরাপত্তাও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি জায়গাকে ব‍্যবহার করে বিনা ট‍্যাক্সে তাঁরা ব‍্যবসা করেন। এমনকী, সুযোগ বুঝে বাজারমূল্যের চেয়ে বেশি দামে পণ‍্য সেখানে বিক্রি করার অভিযোগ ওঠে। সমাজতন্ত্রবাদের খপ্পরে পড়ে বিগত সরকারের মদতে হাসপাতাল চত্বরে হকার বসানোরও অভিযোগ রয়েছে।

পালাবদল হতেই এই বিষয়ে পদক্ষেপ করল রাজ‍্য সরকার। সোমবার স্বাস্থ্য দফতরের জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত সরকারি হাসপাতালের চত্বরে ইনডোর (আইপিডি), আউটডোর (ওপিডি) এবং যেখানে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত কাজকর্ম হয়, সেই সমস্ত এলাকায় বিনা অনুমতিতে হকার, ফেরিওয়ালা, বিক্রেতা ও দোকানদারেরা ঢুকতে পারবেন না। এই সমস্ত স্তরের ব‍্যক্তিরা যাতে কোনও ভাবেই হাসপাতাল চত্বরে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকেই। 

স্বাস্থ্য দফতর নির্দেশিকা এ-ও বলেছে, এই নির্দেশিকা জারি হওয়ার পরেই ব‍্যবস্থা গ্রহণ করতে হবে। কোনও ভাবেই নির্দেশিকা অমান‍্য করা যাবে না। যদি নির্দেশ অমান্য‍্য করার বিষয়টি দফতরের নজরে আসে তা হলে বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এমনকী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে বলেও মনে করা হচ্ছে।

এই নির্দেশিকা ইতিমধ্যে স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা, সিনিয়র স্পেশাল সেক্রেটারি (মেডিকেল এডুকেশন), স্পেশাল সেক্রেটারি (এমইআরটি), ওএসডি (মেডিকেল এডুকেশন)-সহ সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ও ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি) এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রধান সচিবের কার্যালয়ে পাঠানো হয়েছে।


Share