CPIM Leader Arrested

দেশজুড়ে সাইবার প্রতারণার সিন্ডিকেটে অভিযুক্ত বাঁকুড়ার সিপিএম নেতা গ্রেফতার, পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

রবিবার দুপুরে ধৃত সিপিএম নেতাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সাইবার প্রতারণার টাকা কোথায় নিয়োগ হয়েছে তা জানতে সিপিএম নেতাকে জেরা করা হচ্ছে। এই সিন্ডিকেটে আর কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

অভিযুক্ত সিপিএম নেতা অলোক মিদ্যা।
নিজস্ব সংবাদদাতা, জয়পুর
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ১০:২৬

সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার বাঁকুড়ার সিপিএম নেতা। ধৃতের নাম অলোক মিদ‍্যা। শনিবার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। বিষ্ণুপুর আদালত ওই সিপিএম নেতাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

দেশজুড়ে সাইবার প্রতারণার অভিযুক্ত আলোক মিদ্যা জয়পুরের সিপিএমের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন। পাশাপাশি সিপিএমের ছাত্র সংগঠনের লোকাল কমিটির সাধারণ সম্পাদক এই অলোক মিদ‍্যা। অলোক মিদ‍্যা বাঁকুড়ার জয়পুর ব্লকের প্রভাবশালী সিপিএম নেতা হিসেবেই এলাকায় পরিচিত রয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, এই সিপিএম নেতা তৃণমূলের সঙ্গে মিলেমিশে বালি কারবারের সঙ্গে যুক্ত হন। অভিযোগ, সেই ব‍্যাবসার জন‍্য একটি সংস্থা খোলেন। সেই সংস্থার ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টে সাইবার প্রতারণার টাকা জমা হয়েছে। দেশজুড়ে দায়ের হওয়া অন্তত ২৫৩টি সাইবার প্রতারণার টাকা তাঁর সংস্থার অ্যাকাউন্টে জমা হয়েছে বলে পুলিশের একটি সূত্র দাবি করেছে।

জেলা পুলিশের এক কর্তার কথায়, সমস্ত তথ্যপ্রমাণ-সহ সংগ্রহ করার পরেই পুলিশ আসরে নামে। গত শনিবার জয়পুর থানার বিশাল পুলিশবাহিনী টানাদিঘী গ্রামে সিপিএম নেতা আলোক মিদ্যার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই সাইবার প্রতারণার সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে সিপিএম নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে সমস্ত ব্যাঙ্কের পাসবুক, পাসপোর্ট, লেনদেনের সংক্রান্ত নথিপত্র, চেকবুক, ডেবিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

রবিবার দুপুরে ধৃত সিপিএম নেতাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সাইবার প্রতারণার টাকা কোথায় নিয়োগ হয়েছে তা জানতে সিপিএম নেতাকে জেরা করা হচ্ছে। এই সিন্ডিকেটে আর কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।


Share