BJP-SAD Alliance

আসন্ন নির্বাচনে সুখবীর সিংহ বাদলের দলের সঙ্গে জোট করল বিজেপি, আনুষ্ঠানিক ভাবে ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

গত ৭ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল। আধ ঘণ্টা ধরে সেই বৈঠক হয়েছিল। সেদিন থেকেই আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি ও শিরোমণি অকালি দলের মধ্যে জোটের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ০৫:৩৭

আসন্ন পঞ্জাব নির্বাচনে বিজেপি এবং সুখবীর সিংহ বাদলের শিরোমণি অকালি দল এক সাথে লড়বে। মঙ্গলবার দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, এখন থেকে শিরোমণি আকালি দল এনডিএয়ের শরিক হিসেবে কাজ করবে। শাহের বক্তব্য, শিরোমণি অকালি দল ছাড়া এনডিএ অসম্পূর্ণ। মঙ্গলবার সকালে বিজেপির সভাপতি নিতিন নবীনের ঘরে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনের জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অতীতে বিজেপি ও শিরোমণি অকালি দল দীর্ঘদিন জোটসঙ্গী ছিল। পরবর্তীতে কৃষি বিল পাস করানো নিয়ে দুই দলের সম্পর্কে অবনতি ঘটে। শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর বাদলের স্ত্রী হরসিমরত কউর বাদল কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দেন। তার দু’বছর পরে বিধানসভা নির্বাচনে পৃথক ভাবে লড়াই করে বিজেপির ভরাডুবি হয়েছিল। সেই বছর বিধানসভা নির্বাচনে মায়াবতীর বিএসপি-কে সঙ্গী করে ১১৭টি আসনের মাত্র তিনটি জিতেছিল শিরোমণি অকালি দল। কংগ্রেস-ত্যাগী প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের পঞ্জাব লোক কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপির প্রার্থী মাত্র দু’টি কেন্দ্রে জেতেন। এর পরে, গত ২০২৪ সালের লোকসভা ভোটে আলাদা ভাবে লড়ে পঞ্জাবের ১৩টি লোকসভা আসনের মধ্যে একটিতে শিরোমণি অকালি দল জেতে। ওই আসনটিতে সুখবীরের স্ত্রী হরসিমরত জেতেন। কিন্তু বিজেপির ঝুলি ছিল শূন্য।

এরই মধ্যে গত ৭ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল। আধ ঘণ্টা ধরে সেই বৈঠক হয়েছিল। সেদিন থেকেই আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি ও শিরোমণি অকালি দলের মধ্যে জোটের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। অতীতের ভূল থেকে শিক্ষা নিয়ে দু’দলের জোটের সম্ভাবনাতেই মঙ্গলবার সিলমোহর দিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

মঙ্গলবার শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “এনডিয়ের সবচেয়ে পুরনো শরিকদল আবার এনডিয়েতে যোগ দিয়েছে। যা অত‍্যন্ত খুশির খবর। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী নিতিন নবীনের সঙ্গে কথা বলেছেন। সুখবীর সিংহ বাদলের সঙ্গেও কথা বলেছেন। লালকৃষ্ণ আডবাণী এবং অটলবিহারী বাজপেয়ীয়ের সঙ্গে সুখবীর সিংহ বাদলের অনেক পুরোনো সম্পর্ক। বিজেপির সঙ্গেও তাঁদের নিবিড় সম্পর্ক রয়েছে। সুখবীর সিংহ বাদল ছাড়া এনডিএ অসম্পূর্ণ।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ-ও বলেন, “সুখবীর সিংহ বাদলের দলের সাথে বিজেপি অনেক নির্বাচনে লড়েছে। কোথাও হেরেছি, কোথাও জিতেছি। কিন্তু ওঁর সঙ্গে আমাদের সম্পর্কে কোনও চিড় ধরেনি। আবারও একবার আমরা এক হয়েছি। তাতে আমরা খুবই আনন্দিত।”

গত ৭ অগস্টের বৈঠক নিয়ে পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সতীশ পুনিয়ার বক্তব্য ছিল, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ১১৭টি আসনেই একা লড়াই করবে। তিনি বলেছিলেন, “বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিত্ব করছি। দলের স্পষ্ট বার্তা হল, আসন্ন নির্বাচনে একাই লড়তে হবে।”

বিজেপি নেতা সতীশের আরও বক্তব্য ছিল, বিভিন্ন দলের নেতাদের মধ্যে বৈঠক হলে তা কখনওই জোটের ইঙ্গিত নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় অন‍্য দলের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে অন‍্য দলের নেতারা বিভিন্ন বিষয়ে আলোচনা করতেই পারেন। তাই এমন বৈঠককে রাজনৈতিক সমঝোতার লক্ষণ হিসেবে দেখা উচিত নয় বলেও জানিয়েছিলেন বিজেপি নেতা সতীশ পুনিয়া। সেসব এখন অতীত। আসন্ন নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গেই জোট বেঁধে লড়াই করবে বিজেপি। যদি আসন সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। 


Share