RG Kar Medical College

আরজি কর মেডিকেলে চিকিৎসাধীন রোগীকে অপহরণ! ডাক্তারের অভিযোগে ভিত্তিতে থানায় মামলা দায়ের

গত ২১ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওয়ার্ডে আসেন। কোনও ভাবে প্রতারণার ফাঁদ পেতে তাঁকে হাসপাতাল থেকে অপহরণ করে নিয়ে যায়। এর পরই রাম জমাদারের খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ০৩:২৯

আবার আরজি কর মেডিকেল থেকে রোগী নিখোঁজের অভিযোগ উঠেছিল। এ বার চিকিৎসাধীন রোগীকে অপহরণ করার অভিযোগ উঠল। কর্তব‍্যরত চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে টালা থানায় মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসকের দাবি, প্রতারণার ফাঁদে ফেলে ওই ব‍্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় ব‍্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ সূত্রের খবর, নিখোঁজ রোগীর নাম রাম জামাদার (৪৪)। তিনি উত্তর ২৪ পরগনার নিমতা থানা এলাকার গোপালপুর হেরোডাঙার বাসিন্দা। গত ১৮ নভেম্বর সকাল ১০টা ২৪ মিনিট নাগাদ আরজি কর মেডিকেলে ভর্তি হয়েছিলেন। হৃদরোগ জনিত কারণে তাঁকে হাসপাতালের ভর্তি করা হয়েছিল। তিনি ওই হাসপাতালের এভিএইচ-১ ওয়ার্ডের ১৩২ নম্বর বেডে তাঁর চিকিৎসা চলছিল।

অভিযোগ, গত ২১ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওয়ার্ডে আসেন। কোনও ভাবে প্রতারণার ফাঁদ পেতে তাঁকে হাসপাতাল থেকে অপহরণ করে নিয়ে যায়। এর পরই রাম জমাদারের খোঁজ পাওয়া যাচ্ছে না। আরজি কর মেডিকেলের হৃদরোগ বিভাগের চিকিৎসক শুভজিৎ দাস বিস্তারিত ঘটনার বিবরণ দিয়ে টালা থানায় অপহরণের অভিযোগ জানান। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২২ নভেম্বর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহিতার ১৩৮ নম্বর ধারায় অপহরণের মামলা দায়ের করা হয়। 

তবে এই বিষয়ে পুলিশের কোনও বক্তব্য আসেনি। নিখোঁজ ব‍্যক্তিকে আদৌ উদ্ধার করা হয়েছে কি না তা নিয়ে লালবাজারের তরফে এখনও কোনও বিবৃতি দেয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। হাসপাতালের সিসি ক‍্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কোন পথে কে বা কারা রাম জমাদারকে বাইরে নিয়ে গেল তা চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন। রোগীকে অপহরণের নেপথ্যে অন‍্য কোনও ষড়যন্ত্র রয়েছে কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। 


Share