Rape

মায়ের মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে সংসার, ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে, হাবড়ায় গ্রেফতার অভিযুক্ত

এমনকি অত্যাচারের কথা কাউকে জানালে আরও ভয়াবহ পরিণতির হুমকিও দিতেন। শেষ পর্যন্ত ছোট মেয়ের মুখে দিদির উপর বাবার অত্যাচারের কথা জানতে পারেন দিদা ও মাসি। তাঁদের উদ্যোগেই পরিবার পুলিশের দ্বারস্থ হয় পরিবার।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাবড়া
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ০৫:৫৪

মায়ের মৃত্যুর পর থেকে বাড়িতে বাবা ও দুই মেয়ের সংসার। অভিযোগ, সেই সুযোগে গত এক বছর ধরে নিজের ১৭ বছরের মেয়েকে যৌন নির্যাতন করতেন বাবা। এমনকি অত্যাচারের কথা কাউকে জানালে আরও ভয়াবহ পরিণতির হুমকিও দিতেন। শেষ পর্যন্ত ছোট মেয়ের মুখে দিদির উপর বাবার অত্যাচারের কথা জানতে পারেন দিদা ও মাসি। তাঁদের উদ্যোগেই পরিবার পুলিশের দ্বারস্থ হয় পরিবার। অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ অভিযুক্ত বাবা দীপন হালদারকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকার। স্থানীয় সূত্রে খবর, প্রায় আট বছর আগে একটি দুর্ঘটনায় দুই বোনের মায়ের মৃত্যু হয়। তার পর থেকে বাবা ও দুই মেয়েই বাড়িতে থাকত। অভিযোগ, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বড় মেয়ের উপর বাবা শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। বর্তমানে ওই কিশোরীর বয়স ১৭ বছর। পুলিশ সূত্রে খবর, গত এক বছর ধরে বাবার হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ জানিয়েছে সে।

অভিযোগ, অত্যাচারের কথা কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকি দিতেন অভিযুক্ত। পাশাপাশি, প্রায়ই মারধরও করা হত। ভয়ে এত দিন মুখ খুলতে পারেনি কিশোরী।

দিন দুয়েক আগে ছোট বোন দিদা ও মাসির কাছে গিয়ে দিদির উপর বাবার অত্যাচারের কথা জানায়। সব শুনে স্তম্ভিত হয়ে যান তাঁরা। এরপর বড় মেয়ের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা জানার চেষ্টা করেন। কিশোরীও বোনের অভিযোগের সত্যতা স্বীকার করে। এর পরেই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার মাসি।

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দীপন হালদারকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share