BSF Constable Missing

বরাক নদীতে নিখোঁজ হওয়া বিএসএফ জওয়ান জীবিত অবস্থায় উদ্ধার বাংলাদেশে, দেশে ফিরিয়ে আনতে হবে দু’পক্ষের ফ্ল‍্যাগ মিটিং

চার থেকে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর দুই বিএসএফ জওয়ান অভিযান চালান। তাঁদের মধ্যে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদবও ছিলেন। সন্দেহভাজনরা নদীতে ঝাঁপ দিলে দুই জওয়ানও তাঁদের অনুসরণ করে জলে নামেন।

অসমে নিখোঁজ বিএসএফ জওয়ান উদ্ধার বাংলাদেশে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ০৪:০২

অসমের কাছাড় জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বরাক নদীতে নিখোঁজ হন এক বিএসএফ জওয়ান। বিএসএফ জওয়ানের নাম কে ভেনু। তাঁকে বাংলাদেশের ভূখণ্ড জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর। মঙ্গলবার সকালে বাংলাদেশের সিলেট বিভাগের অমলশিদ গ্রাম থেকে তাঁকে বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানেরা উদ্ধার করে। ওই বিএসএফ জওয়ানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী।

জানা গিয়েছে, কে ভেনু বিএসএফের ৭৫ ব্যাটালিয়নের কনস্টেবল ছিলেন। অসমের কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর সীমান্তের আউটপোস্টে কর্মরত ছিলেন। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গরু পাচার রুখতে যান। পাচারকারীদের আটক করতে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন।

পুলিশের বক্তব্য, চার থেকে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর দুই বিএসএফ জওয়ান অভিযান চালান। তাঁদের মধ্যে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদবও ছিলেন। সন্দেহভাজনরা নদীতে ঝাঁপ দিলে দুই জওয়ানও তাঁদের অনুসরণ করে জলে নামেন। জিতেন্দ্র নিরাপদে নদীর পাড়ে ফিরে আসতে পারলেও ভেনু নিখোঁজ হয়ে যান। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ঘটনার পর অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এবং পুলিশ নদীর আশপাশে তীরবর্তী এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। পরবর্তী সময়ে বাংলাদেশের অমলশিদ এলাকা থেকে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধারের খবর সামনে আসে।

The Sentinel Assam এবং India Today NE-র প্রতিবেদন অনুযায়ী, কে ভেনুকে বিজিবি উদ্ধার করেছে। তাঁকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং করার কথা রয়েছে।

অন‍্য দিকে, তাঁকে অপহরণ করা হয়েছিল কি না, অথবা ঠিক কী পরিস্থিতিতে তিনি বাংলাদেশের ভূখণ্ডে পৌঁছেছিলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন বিএসএফের কর্তারা।


Share