Railway Update

সপ্তাহান্তে ট্রেনে যাতায়াতের পরিকল্পনা? আসানসোল-বর্ধমান শাখায় শনিবার বাতিল একাধিক মেমু, কোন কোন ট্রেন চলবে না জানুন

এই সময়ের মধ্যে রেললাইনের জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তার জেরেই আসানসোল-বর্ধমান শাখার চারটি মেমু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ১০:৩৩

রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৭ নভেম্বর, শনিবার আসানসোল-বর্ধমান শাখায় বাতিল থাকছে একাধিক মেমু ট্রেন। পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ওই দিন পারাজ ও গলসি স্টেশনের মধ্যবর্তী অংশে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। আর সেই কারণেই সাময়িকভাবে ব্যাহত হবে এই শাখার ট্রেন চলাচল।

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মোট ২১০ মিনিট ওই অংশে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই সময়ের মধ্যে রেললাইনের জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তার জেরেই আসানসোল-বর্ধমান শাখার চারটি মেমু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে ৬৩৫২২ আসানসোল-বর্ধমান মেমু, ৬৩৫২৪ আসানসোল-বর্ধমান মেমু, ৬৩৫১৫ বর্ধমান-আসানসোল মেমু এবং ৬৩৫১৭ বর্ধমান-আসানসোল মেমু।

রেল কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দিষ্ট সময় অন্তর রেললাইনের রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতি অত্যন্ত জরুরি। সেই কারণেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ সম্পূর্ণ হলে ফের স্বাভাবিক সূচি মেনেই ট্রেন চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।

তবে শনিবার বিকেলে এই শাখায় যাতায়াতকারী নিত্যযাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে কর্মসূত্রে আসানসোল ও বর্ধমানের মধ্যে নিয়মিত যাতায়াত করেন যাঁরা, তাঁদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। তাই ওই দিন ট্রেনে সফরের আগে যাত্রীদের বিকল্প যাতায়াতের ব্যবস্থা ভেবে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


Share