Fire Incident

নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের বেসমেন্টে ভয়াবহ আগুন! পুড়ে ছাই ৫টি বাইক, ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি

আচমকা আগুন ছড়িয়ে পড়ায় আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে নিরাপত্তারক্ষীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নিউটাউন
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ১১:০০

নিউটাউনের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সন্ধ্যায় সঞ্জীবা গার্ডেনের বেসমেন্টের গ্যারাজে আগুন লাগার ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল পাঁচটি মোটরবাইক। একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আচমকা আগুন ছড়িয়ে পড়ায় আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে নিরাপত্তারক্ষীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। দমকলকর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় আবাসনের বেসমেন্টে থাকা গ্যারাজে আগুন লাগে। সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গ্যারাজে রাখা একাধিক বাইক ও গাড়ি আগুনের গ্রাসে চলে আসে। পাঁচটি বাইক সম্পূর্ণ পুড়ে গিয়েছে। কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবরও নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সিটি সেন্টার ২-এর কাছে মাঠপাড়া বস্তি এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় একাধিক ঝুপড়ি ও ঘরবাড়ি। ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছিল। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছেছিল ইকোপার্ক থানার পুলিশও। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া। সেই ঘটনায় কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর মেলেনি। ফের নিউটাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


Share